ফিফা প্রীতি ম্যাচ খেলতে সেপ্টেম্বরে নেপাল যাবে বাংলাদেশ দল
প্রথমবার আলাদা উপ-কমিটি গঠন বাফুফের
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫ ১৩:১৩
ছবি: সংগৃহিত।
সেপ্টেম্বরের শুরুতে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নেপালের কাঠমান্ডু সফরে যাবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। জামাল ভূঁইয়ার নেতৃত্বে সফরে দুটি ম্যাচ খেলবে লাল-সবুজ জার্সিধারীরা। এ লক্ষ্যে আগামী ১৩ আগস্ট ঢাকায় শুরু হচ্ছে দলের আবাসিক প্রস্তুতি ক্যাম্প।
তবে এই সফরে থাকছেন না দুই বিদেশপ্রবাসী ফুটবলার-ইংলিশ ক্লাব লিস্টার সিটির হামজা চৌধুরী ও কানাডার কাভালরি সিটির শমিত শোম। চ্যাম্পিয়নশিপের ব্যস্ত সূচির কারণে লিস্টার সিটি থেকে জাতীয় দলের জন্য ছাড়পত্র মেলেনি হামজার। একইভাবে সেপ্টেম্বরে নিজ ক্লাবের লিগ ম্যাচ থাকায় অনুপস্থিত থাকবেন শমিত শোমও।
জাতীয় দলের পাশাপাশি সেপ্টেম্বরেই একটি গুরুত্বপূর্ণ মিশনে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। ভিয়েতনামে অনুষ্ঠেয় এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব সামনে রেখে এরই মধ্যে শুরু হয়ে গেছে যুব দলের ক্যাম্প।
দুই দলের কার্যক্রম একসঙ্গে পরিচালনার সুবিধার্থে এবার ভিন্নধর্মী সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফের জাতীয় দল কমিটি এবারই প্রথমবারের মতো জাতীয় ও অনূর্ধ্ব-২৩ দলের জন্য আলাদা দুটি উপ-কমিটি গঠন করেছে।
জাতীয় দলের উপ-কমিটিতে আছেন আমিরুল ইসলাম বাবু, ইমতিয়াজ হামিদ ও মুকিতুর রহমান। অন্যদিকে, যুব দলের উপ-কমিটিতে রয়েছেন ইকবাল হোসেন, ছাইদ হাসান কানন ও শাহাদাত হোসেন।
বাফুফের সহসভাপতি তাবিথ আউয়াল ও ইমরুল হাসানের যৌথ স্বাক্ষরে এই দুটি উপ-কমিটির বিষয়ে পৃথকভাবে চিঠি ইস্যু করা হয়েছে। এর আগে গত ২২ জুলাই অনুষ্ঠিত বাফুফের সভায় উপ-কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
ফেডারেশনের ইতিহাসে এবারই প্রথমবারের মতো জাতীয় ও যুব দলের জন্য আলাদা উপ-কমিটি গঠন করা হলো।
