ছবি: সংগৃহিত।
সিলেট মহানগরীর কিনব্রিজ এলাকায় ছুরিকাঘাতে ডালিম আহমদ (৩৫) নামে এক যুবক নিহত হওয়ার ঘটনায় নাঈম আহমেদ রজব (১৯) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) ভোররাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) মো. সজীব খান।
আটক নাঈম সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পানিছড়া গ্রামের মো. মনাফ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে সিলেট নগরের কিনব্রিজের নিচে, আলী আমজদের ঘড়ির পাশেই ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে। নিহত ডালিম ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মেরেঙ্গা গ্রামের লোকমান মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ডালিম ও হামলাকারী একত্রে দাঁড়িয়ে কথা বলছিলেন। হঠাৎ হামলাকারী ছুরি বের করে ডালিমকে আঘাত করে। এরপর সে হাতে ধারালো অস্ত্র নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। তার হাতে অস্ত্র থাকায় উপস্থিত কেউ সাহস করে এগিয়ে আসতে পারেননি। বেশ কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
এর আগে স্থানীয়রা আহত ডালিমকে উদ্ধার করে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপ-কমিশনার মো. সজীব খান জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত ডালিম ও আটক রজব দুজনই ছিনতাইকারী চক্রের সদস্য। ছিনতাইয়ের টাকা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আটক কিশোরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সংশ্লিষ্টতা নিশ্চিত হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
