ছবি: সংগৃহিত।
সিলেটের কিনব্রিজ এলাকায় যুবক খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবকের নাম কালা মিয়া (২৫)।সে মৌলভীবাজার জেলার কাউতলা গ্রামের আইয়ুব আলীর ছেলে, বর্তমানে সিলেট নগরের ঘাসিটুলা এলাকায় বসবাস করছেন। শুক্রবার (৮ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, কালা মিয়া ওই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। এ পর্যন্ত মোট দুই জনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের খুঁজে পেতে অভিযান চলছে।
ঘটনাটি বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ঘটে। নিহত ডালিম মিয়া (৩৫) ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মেরেঙ্গা গ্রামের লোকমান মিয়ার ছেলে। তার ওপর ছুরিকাঘাত করে হত্যা করা হয়। শুক্রবার (৮ আগস্ট) বিকেলে নিহতের মা রীতা বেগম কোতয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাত জনের নাম উল্লেখ রয়েছে, এ ছাড়া অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করা হয়েছে।
এদিকে, হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টা পর ভোররাতে পুলিশ অভিযান চালিয়ে নাঈম আহমেদ রজব (১৯) নামের এক কিশোরকে গ্রেফতার করে। সে সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকার পানিছড়া গ্রামের মো. মনাফ মিয়ার ছেলে। তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা জব্দ করা হয়েছে
