https://www.emjanews.com/

8298

sylhet

প্রকাশিত

১০ আগস্ট ২০২৫ ১৪:৫৫

আপডেট

১০ আগস্ট ২০২৫ ১৬:১২

সিলেট

গোয়াইনঘাট নৌপথে চাঁদাবাজি: ‘সমন্বয়কসহ’ সাতজন গ্রেফতার

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫ ১৪:৫৫

ফাইল ছবি

সিলেটের গোয়াইনঘাট নৌপথে চাঁদাবাজির মামলায় সমন্বয়কসহ সাতজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। শনিবার (৯ আগস্ট) রাত ৩টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে মূল আসামি আজমল হোসেন লেঙ্গুড়া গ্রামের ফয়সাল আহমদের ছেলে। অন্য আসামিরা হলেন একই গ্রামের মৃত আঃ সালামের ছেলে সুলতান আহমদ, ফজর রহমানের ছেলে বিল্লাল মেম্বার, মৃত মুসাব্বিরের ছেলে সুবহান, ফারুক আহমদের ছেলে শাকিল, মৃত ফজু রহমানের ছেলে ফারুক মিয়া এবং মৃত আঃ মুসাব্বিরের ছেলে ফয়সাল মৌলভী।

মামলার এজাহার অনুযায়ী, আজমলের নেতৃত্বে একটি সন্ত্রাসী দল নৌকাসহ ভলগেট আটকে চাঁদাবাজির ঘটনা ঘটাতো। এ ঘটনায় গোয়াইনঘাট থানার সদর ইউনিয়নের আব্দুল হালিম ৭ জুলাই (মামলা নং-১৩) অভিযোগ দায়ের করেন।

র‌্যাব-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। পরে রোববার দুপুরে তাদের গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়।

গোয়াইনঘাট থানার ওসি সরকার মোহাম্মদ তোফায়েল আহমদ বলেন, গ্রেফতারকৃত সাতজনকে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।