ছবি: সংগৃহীত।
সিলেটের সাদাপাথর লুটের পেছনে দায়ী ও মদদদাতা রাজনৈতিক দল, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সদস্যদের আইনের আওতায় আনার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের আলফাত স্কয়ারে ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’ নামের স্বেচ্ছাসেবী সংগঠন এ কর্মসূচির আয়োজন করে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, নিরীহ শ্রমিকদের হয়রানি না করে প্রকৃত লুটেরাদের ধরতে হবে। যারা সম্পদ রক্ষায় অবহেলা করেছেন, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া উচিত। সাদাপাথর এলাকা থেকে প্রকাশ্যে লুটপাটের ঘটনায় প্রশাসনের যোগসাজশের কথাও তারা উল্লেখ করেন। রাজনৈতিকভাবে যাদের বিরুদ্ধে লোক দেখানো ব্যবস্থা নেওয়া হচ্ছে, তারা প্রকৃতপক্ষে ‘চুনোপুঁটি’। লুটেরাদের আইনের আওতায় আনা জরুরি।
এছাড়া বক্তারা টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। হাওরে প্রকাশ্যে মাছ আহরণ ও গাছ কাটার ফলে পরিবেশ, প্রকৃতি ও স্থানীয় মানুষের জীবন-জীবিকায় সমস্যা দেখা দিয়েছে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাজু আহমেদ। এতে বক্তব্য রাখেন সামাজিক সংগঠন ‘জনউদ্যোগ’-এর আহ্বায়ক রমেন্দ্র কুমার দে, সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি এ কে এম আবু নাছার, জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, সুজনের সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান আতাহের, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সহসভাপতি জাহাঙ্গীর আলম, আইনজীবী দীপঙ্কর বনিক, মুজাহিদুল ইসলাম প্রমুখ।
