ফাইল ছবি
সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে পাপড়ি রেস্টুরেন্টে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামী বিএনপি নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত বিএনপি নেতা হলেন লালাবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী সিফতা (৪০)। তিনি শাহ সিকন্দর গ্রামের মৃত ইছাক মিয়ার ছেলে। মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় সিলেট শহরের উপশহর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঘটনাটি ঘটেছিল ১৫ আগস্ট। লালাবাজারের মসজিদের যাত্রী চাউনী ভেঙে ড্রেন করার জের ধরে পাপড়ি রেস্টুরেন্টে হামলা চালানো হয়। এ সময় রেস্টুরেন্টের মালিক ও বাজার মসজিদ কমিটির কোষাধ্যক্ষ জুবায়ের আহমদ লিটনসহ প্রায় ৩০ জন আহত হন।
এ ঘটনায় ১৭ আগস্ট জুবায়ের আহমদের ছোট ভাই খালেদ আহমদ রাসেল দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় প্রধান আসামী হিসেবে সনাক্ত হন বিএনপি নেতা আমিনুর রহমান সিফতা।
দক্ষিণ সুরমা থানার ওসি মো: মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে উপশহর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, এই মামলায় এর পূর্বে আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
