৮ লাখ মানুষের ভাগ্য খুলবে ২০২৬ : একবছরে কোন দেশ কতজনকে ভিসা দেবে?
প্রকাশ: ০১ জানুয়ারী ২০২৬ ০০:০৮
নতুন বছর ২০২৬ সামনে রেখে বিশ্বের একাধিক উন্নত দেশ বিদেশি শিক্ষার্থী ও দক্ষ জনশক্তি গ্রহণের পরিকল্পনা জোরদার করেছে। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র—এই চার দেশই উচ্চশিক্ষা ও দক্ষ কর্মী ভিসার ক্ষেত্রে ইতিবাচক অবস্থানে রয়েছে। তবে একই সঙ্গে কিছু ক্ষেত্রে নীতিমালায় কড়াকড়ি ও পরিবর্তনের আভাসও দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট দেশগুলোর সরকারি পরিকল্পনা ও বিদ্যমান নীতিমালার ভিত্তিতে আগামী বছরে ভিসা প্রত্যাশীদের জন্য কী সুযোগ থাকছে, তা নিয়ে একটি সামগ্রিক চিত্র তুলে ধরা হলো।
কানাডা ২০২৬ সালেও অভিবাসনবান্ধব অবস্থান বজায় রাখতে যাচ্ছে। দেশটি বছরে প্রায় ৩ লাখ ৮০ হাজার নতুন স্থায়ী বাসিন্দা নেওয়ার পরিকল্পনা রেখেছে বলে জানানো হয়েছে। বিশেষ করে দক্ষ কর্মী ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কানাডার পোস্ট-গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট (পিজিডব্লিউপি) সাধারণত ২ থেকে ৩ বছরের জন্য দেওয়া হয়, যা ওপেন ওয়ার্ক পারমিট হিসেবে গণ্য হয়। এই অভিজ্ঞতা পরবর্তীতে কানাডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাসের মাধ্যমে স্থায়ী বসবাসের পথে সহায়ক ভূমিকা রাখে।
অস্ট্রেলিয়ায়ও দক্ষ পেশাজীবী ও শিক্ষার্থীদের জন্য সুযোগ অব্যাহত রয়েছে। দেশটি প্রতি বছর আনুমানিক ১ লাখ ৮৫ হাজার স্থায়ী রেসিডেন্সি বরাদ্দ দিয়ে থাকে। আন্তর্জাতিক শিক্ষার্থীরা পড়াশোনা শেষে সাবক্লাস ৪৮৫ ভিসার আওতায় ২ থেকে ৩ বছর পোস্ট-স্টাডি ওয়ার্ক পারমিটের সুযোগ পাচ্ছেন। আঞ্চলিক এলাকায় কাজের ক্ষেত্রে অতিরিক্ত সুবিধা ও প্রণোদনার ব্যবস্থাও রয়েছে। তবে ২০২৫–২৬ শিক্ষাবর্ষ থেকে ভিসা নীতিতে কিছু পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
যুক্তরাজ্যে গ্র্যাজুয়েট রুট ভিসা এখনো বহাল রয়েছে। এই ভিসার মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থীরা পড়াশোনা শেষে দুই বছর এবং পিএইচডি সম্পন্নকারীরা তিন বছর পর্যন্ত যুক্তরাজ্যে কাজের সুযোগ পাচ্ছেন। এই সময়ের মধ্যে দক্ষতা অর্জনের মাধ্যমে স্থায়ী হওয়ার পথও খোলা থাকে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
যুক্তরাষ্ট্রে স্টেম (STEM) বিষয়ে পড়াশোনা করা শিক্ষার্থীদের জন্য অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং বা OPT সুবিধা ১২ থেকে সর্বোচ্চ ৩৬ মাস পর্যন্ত বাড়ানো যায়। তবে H-1B ওয়ার্ক ভিসার ক্ষেত্রে নীতিমালায় কিছু পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী নিয়োগকর্তাদের জন্য অতিরিক্ত আর্থিক ও নিয়োগসংক্রান্ত শর্ত যুক্ত করা হয়েছে, যা মূলত শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে করা হয়েছে।
সামগ্রিকভাবে আইটি, স্বাস্থ্যসেবা, ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য স্টেম পেশায় দক্ষ জনশক্তির চাহিদা সব দেশেই বাড়ছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য পড়াশোনার পাশাপাশি বৈধভাবে কাজ করে স্থায়ী হওয়ার সুযোগ এখনও বিদ্যমান থাকলেও, আবেদনকারীদের প্রতিটি দেশের হালনাগাদ নীতিমালা ও শর্ত সতর্কতার সঙ্গে অনুসরণ করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
