ময়মনসিংহের ভালুকা উপজেলায় দলীয় কোন্দল, সহিংসতা ও গুলির ঘটনার অভিযোগে উপজেলা বিএনপি থেকে বাবা ও ছেলেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জামিরদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. খোকা মিয়া এবং তার ছেলে সাবেক ছাত্রনেতা ও বিএনপিকর্মী তোফায়েল আহমেদ রানা। তাদের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
স্থানীয় দলীয় সূত্র জানায়, ঝুট ব্যবসা কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বাবা ও ছেলের মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে একাধিকবার সামাজিক সালিস বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। পারিবারিক এই দ্বন্দ্বের জেরে ছেলে তোফায়েল নিজের অফিসে বসতেও পারছিলেন না বলে জানা যায়।
রোববার (১২ এপ্রিল) দুপুরে তোফায়েল তার লোকজন নিয়ে অফিসে বসতে গেলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এ সময় মারামারি ও কয়েক রাউন্ড গুলির ঘটনা ঘটে, এতে বেশ কয়েকজন আহত হন।
খোকা মিয়া দাবি করেন, ঘটনার সময় তার ছেলে তোফায়েল আহমেদ রানা তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করেন, এতে তিনি আহত হন।
এদিকে, বহিষ্কারের বিষয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ জানান, বিষয়টি সম্পর্কে তিনি এখনো অবগত নন।
