ছবি: রানী হামিদ
বাংলাদেশের ক্রীড়াঙ্গনের কিংবদন্তি দাবাড়ু রানী হামিদ আবারও প্রমাণ করলেন, বয়স শুধু একটি সংখ্যা। ৮২ বছর বয়সেও নিয়মিত প্রতিযোগিতামূলক দাবা খেলছেন তিনি এবং চ্যাম্পিয়ন দলের সদস্য হিসেবেও নিজের অবস্থান ধরে রেখেছেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত মহিলা দাবা লিগে বাংলাদেশ আনসার ও ভিডিপি দল অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দলের হয়ে লিগে অংশ নেন মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ, মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো, মহিলা আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন, মহিলা ফিদে মাস্টার জান্নাতুল ফেরদৌস, মহিলা ক্যান্ডিডেট মাস্টার নীলাভা চৌধুরী এবং মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা।
৮২ বছর বয়সে লিগে খেলা ও চ্যাম্পিয়ন দলের সদস্য হওয়া সহজ কাজ নয়। তবে রানী হামিদের কাছে বিষয়টি একেবারেই স্বাভাবিক। তিনি বলেন, `আমি চারটি ম্যাচ খেলেছিলাম। দলের সবাই ভালো খেলায় আমরা চ্যাম্পিয়ন হয়েছি। গত আসরে পুলিশের হয়ে খেলে চ্যাম্পিয়ন হয়েছিলাম।'
তিনি আরও বলেন, `আমি নিয়মিতই খেলি। শরীর ও মাথা ঠিক থাকলে খেলতে কোনো সমস্যা হয় না। ফেব্রুয়ারিতে ৮২ পেরিয়ে ৮৩ বছরে পা দেব। যত দিন সুস্থ থাকব, তত দিন খেলব।'
লিগে বাংলাদেশ আনসার ও ভিডিপি ৭ খেলায় ১৩ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হয়। একই পয়েন্ট নিয়ে বাংলাদেশ নৌবাহিনী অপরাজিত রানার্স আপ হয়। দুই দলের ম্যাচ পয়েন্ট সমান হওয়ায় গেম পয়েন্টের ভিত্তিতে শিরোপা নির্ধারণ করা হয়।
গেম পয়েন্টে বাংলাদেশ আনসার ও ভিডিপি ২৪ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয় এবং ২২.৫ গেম পয়েন্ট নিয়ে বাংলাদেশ নৌবাহিনী রানার্স আপ হয়।
বাংলাদেশ নৌবাহিনী দলের হয়ে লিগে অংশ নেন মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা, মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ, মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু এবং মহিলা ক্যান্ডিডেট মাস্টার কাজী জারিন তাসনিম।
রানী হামিদের এই সাফল্য আবারও প্রমাণ করল, বয়স নয়- দৃঢ় মনোবল, নিয়মিত অনুশীলন ও মানসিক শক্তিই একজন ক্রীড়াবিদকে দীর্ঘদিন শীর্ষে রাখে।
