https://www.emjanews.com/

13498

tourism

প্রকাশিত

০১ ফেব্রুয়ারী ২০২৬ ২৩:০৯

পর্যটন

ঢাকায় চালু হলো তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র

প্রকাশ: ০১ ফেব্রুয়ারী ২০২৬ ২৩:০৯

ছবি: সংগৃহীত

ঢাকায় তুরস্কের নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু হয়েছে। আগামীকাল সোমবার (২ ফেব্রুয়ারি) থেকে মোসাইক ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার তুরস্কের ভিসা আবেদন গ্রহণ শুরু করবে। রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকায় অবস্থিত তুরস্কের দূতাবাস এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, মোসাইক ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার ইতোমধ্যে দেশের বাইরে কয়েকটি দেশে কার্যক্রম পরিচালনা করছে এবং ১ ফেব্রুয়ারি থেকে ঢাকায় আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করেছে।

বনানীতে অবস্থিত এই ভিসা আবেদন কেন্দ্র রবি থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভিসা আবেদন গ্রহণ করবে। এছাড়া প্রতিদিন দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আবেদনকারীরা পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন। তবে ভিসা আবেদনের জন্য আগেই অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করা বাধ্যতামূলক।

ভিসা আবেদন কেন্দ্রটি বনানীর ১১ নম্বর রোডের এম ব্লকের ৭৭ নম্বর বাড়িতে কার্যক্রম পরিচালনা করবে।

দূতাবাস সূত্রে জানা গেছে, তুরস্কের ভিসার ক্ষেত্রে সিঙ্গেল এন্ট্রি (তিন মাস) ভিসা ফি ২৪ হাজার ৭৫০ টাকা, সিঙ্গেল এন্ট্রি (ছয় মাস) ভিসা ফি ২৭ হাজার ৬২৫ টাকা এবং সিঙ্গেল এন্ট্রি (১২ মাস) ভিসা ফি ৩০ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। মাল্টিপল এন্ট্রি (তিন মাস) ভিসা ফি ৪১ হাজার টাকা, মাল্টিপল এন্ট্রি (ছয় মাস) ৪৩ হাজার ৮৭৫ টাকা এবং মাল্টিপল এন্ট্রি (১২ মাস) ৪৬ হাজার ৭৫০ টাকা। এছাড়া ডাবল ট্রানজিট ভিসা ফি (তিন মাস) নির্ধারণ করা হয়েছে ৩২ হাজার ২৫০ টাকা।

এ ছাড়া অতিরিক্ত সেবার জন্য প্রিমিয়াম লাউঞ্জ ফি ৮ হাজার টাকা, ফ্লাইট রিজার্ভেশন ফি ২৫০ টাকা, হোটেল রিজার্ভেশন ফি ২৫০ টাকা, বায়োমেট্রিক ফটো ফি ২০০ টাকা, এসএমএস চার্জ ৪০ টাকা এবং ফটোকপি ও প্রিন্টআউট ফি (প্রতি পিস) ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন এই ভিসা আবেদন কেন্দ্র চালুর ফলে তুরস্কগামী ভ্রমণকারীদের ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।