https://www.emjanews.com/

13826

entertainment

প্রকাশিত

১৪ ফেব্রুয়ারী ২০২৬ ২২:৩৮

বিনোদন

বলিউডে গ্যাংস্টার বিষ্ণোই আ ত ঙ্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারী ২০২৬ ২২:৩৮

ছবি: লরেন্স বিষ্ণোই

বলিউডে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দৌরাত্ম্য থামছে না। নব্বইয়ের দশকের দাউদ ইব্রাহিম অধ্যায়-এর মতোই মুম্বাইয়ের সেলেব পাড়ায় চরম আতঙ্ক বিরাজ করছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ পরিচালক রোহিত শেঠি ও অভিনেতা রণবীর সিংয়ের ম্যানেজারের জবানবন্দি রেকর্ড করেছে। একই সঙ্গে রোহিত শেঠির বাড়িতে হামলা চালানো চার অভিযুক্তকে নিয়ে অপরাধের দৃশ্য পুনর্নির্মাণ (রিকনস্ট্রাকশন) করা হয়েছে।

পুলিশ জানায়, সম্প্রতি একটি অডিও বার্তায় হুমকি দেওয়া হয়েছিল। বার্তায় বলা হয়, দাবি মেনে না চললে তারকাদের ম্যানেজার বা কর্মীদের হত্যা করা হবে। হুমকির সূত্র ধরেই রোহিত ও রণবীরের ম্যানেজারের জবানবন্দি নেওয়া হয়েছে।

তদন্তে জানা গেছে- গ্রেপ্তারকৃত চার অভিযুক্ত হলেন স্বপ্নিল সাকাত, আদিত্য গায়কি, সিদ্ধার্থ ইয়েপুর এবং সমর্থ পোমাজি। তারা পুনে থেকে স্কুটার কিনে সড়কপথে মুম্বাই আসে এবং ভিলে পার্লে স্টেশনের বাইরে স্কুটার পার্ক করে রোহিত শেঠির বাড়িতে হামলা চালায়। আদালতে প্রমাণ হিসেবে উপস্থাপনের জন্য পুরো পুনর্নির্মাণ প্রক্রিয়াটির ভিডিও রেকর্ড করা হয়েছে।

অডিও বার্তায় হুমকিদাতা নিজেকে পরিচয় দিয়েছেন ‘হ্যারি বক্সার’ নামে। বার্তায় বলা হয়, সময়মতো দাবি মানা না হলে এমন অবস্থা সৃষ্টি করা হবে যা পরবর্তী সাত প্রজন্ম মনে রাখবে। এছাড়াও, সরাসরি তারকাদের ওপর হামলা না করে ঘনিষ্ঠ কর্মী ও ম্যানেজারদের টার্গেট করা হবে। পুলিশি তদন্তে উঠে এসেছে, হ্যারি বক্সারের আসল নাম হরি চাঁদ, যে বিদেশে অবস্থান করে ভিপিএন ব্যবহার করে বিষ্ণোই গ্যাংয়ের হয়ে এসব আতঙ্ক ছড়াচ্ছে।

মুম্বাইয়ে সাম্প্রতিক ঘটনার মধ্যে রয়েছে- রোহিত শেঠির বাড়ির বারান্দা লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি চালানো, যার দায় স্বীকার করেছে বিষ্ণোই গ্যাং; অভিনেতা রণবীর সিংয়ের কাছে ১০ কোটি ভারতীয় রুপি চাঁদা দাবি।

 সালমান খান ও কপিল শর্মার পর এবার রোহিত-রণবীরকে টার্গেট করায় পুরো টিনসেল টাউনের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।