https://www.emjanews.com/

13862

politics

প্রকাশিত

১৬ ফেব্রুয়ারী ২০২৬ ১৯:১৮

রাজনীতি

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করতে যমুনায় এনসিপি প্রতিনিধিদল

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ১৯:১৮

ছবি: সংগৃহীত

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস-এর বাসভবন যমুনায় পৌঁছেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রতিনিধিদল।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টায় এনসিপির নেতারা যমুনায় প্রবেশ করেন। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে প্রতিনিধিদলে আরও রয়েছেন কেন্দ্রীয় নেতা সারোয়ার তুষার, মনিরা শারমিন, জাবেদ রাসিন ও জহিরুল ইসলাম মূসা।

এর আগে আজ দুপুরে এনসিপির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, এনসিপির ছয় সদস্যের প্রতিনিধিদল সন্ধ্যা ছয়টায় জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করতে যমুনায় যাবে।

জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে দীর্ঘ সাত মাস ৩৩টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আলোচনা শেষে গত বছরের ১৭ অক্টোবর ঢাকায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে ‘জুলাই জাতীয় সনদ, ২০২৫’ স্বাক্ষরিত হয়। ওই দিন ২৪টি রাজনৈতিক দল সনদে স্বাক্ষর করে, পরে আরও একটি দল এতে সই করে। তবে এনসিপি ওই অনুষ্ঠানে অংশ নেয়নি এবং পরবর্তী সময়েও সনদে স্বাক্ষর করেনি।

তবে স্বাক্ষর অনুষ্ঠানের আগের দিন ১৬ অক্টোবর এক সংবাদ সম্মেলনে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছিলেন, কোনো রাজনৈতিক দল তখন সনদে স্বাক্ষর না করলেও পরবর্তী সময়ে সই করার সুযোগ থাকবে।

সনদে সই না করার বিষয়ে সে সময় সংবাদ সম্মেলন করে তিনটি দাবি তোলে এনসিপি। দাবিগুলো হলো- এক. জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া স্বাক্ষর অনুষ্ঠানের আগেই প্রকাশ করতে হবে এবং এ আদেশ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে জারি করতে হবে। দুই. জনগণ গণভোটে সনদের পক্ষে রায় দিলে নোট অব ডিসেন্ট (ভিন্নমত) কার্যকর থাকবে না। তিন. গণভোটের রায় অনুযায়ী আগামী নির্বাচিত সংসদ তাদের গাঠনিক ক্ষমতাবলে সংবিধান সংস্কার করবে এবং সংস্কার করা সংবিধানের নাম হবে ‘বাংলাদেশ সংবিধান, ২০২৬’।

এনসিপি পরে আর সনদে স্বাক্ষর না করলেও গত ১৩ নভেম্বর রাষ্ট্রপতি ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ জারি করেন।

এই আদেশের আওতায় গত ১২ ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদের মোট ৮৪টি সংস্কার প্রস্তাবের মধ্যে সংবিধান সংস্কারসংক্রান্ত ৪৮টি প্রস্তাবের ওপর গণভোট অনুষ্ঠিত হয়। এতে ‘হ্যাঁ’ ভোট জয়ী হয়।

নির্বাচন কমিশনের তথ্যমতে, গণভোটে ভোট পড়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন এবং ‘না’ ভোট দিয়েছেন ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ জন।

এনসিপির প্রতিনিধিদলের আজকের এই সফরের মধ্য দিয়ে দীর্ঘদিন পর জুলাই জাতীয় সনদে দলটির স্বাক্ষরের বিষয়টি চূড়ান্ত রূপ পেতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।