https://www.emjanews.com/

14028

national

প্রকাশিত

২৬ ফেব্রুয়ারী ২০২৬ ১৯:১২

জাতীয়

গণভোটের ফলাফলে বড় সংশোধন: ‘হ্যাঁ’ ভোট কমেছে প্রায় ১০ লাখ

নতুন গেজেট প্রকাশ

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ১৯:১২

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটের ফলাফলে বড় ধরনের পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। সংবিধান সংস্কার বা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত এই গণভোটের ফলাফলে ‘হ্যাঁ’ ও ‘না’-উভয় ভোটের সংখ্যাই কমেছে। সংশোধনী এনে নতুন করে গেজেট প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সংশোধিত এই ফলাফল প্রকাশ্যে আসে।

এর আগে বুধবার (২৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরে অতিরিক্ত গেজেট আকারে এ সংশোধনী প্রকাশ করা হয়।

ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের উদ্দেশ্যে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ এবং সংবিধান সংস্কারের প্রস্তাবের বিষয়ে জনগণের সম্মতি যাচাইয়ে গত ১২ ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠিত হয়।

ওই গণভোটের ফলাফল প্রথমবার গেজেট আকারে প্রকাশ করা হয় ১৩ ফেব্রুয়ারি। প্রথম গেজেট অনুযায়ী- ‘হ্যাঁ’ ভোট: ৪ কোটি ৮২ লাখ ৬৬০টি; ‘না’ ভোট: ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬টি; মোট প্রদত্ত ভোট: ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩টি; বাতিল ভোট: ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭টি এবং বৈধ ভোট: ৭ কোটি ২ লাখ ৭২ হাজার ৩৮৬টি।

তবে সংশোধিত গেজেটের হিসাব অনুযায়ী- ‘হ্যাঁ’ ভোট: ৪ কোটি ৭২ লাখ ২৫ হাজার ৯৮০টি; ‘না’ ভোট: ২ কোটি ১৯ লাখ ৬০ হাজার ২৩১টি; মোট প্রদত্ত ভোট: ৭ কোটি ৬৬ লাখ ২১ হাজার ৪০৭টি; বাতিল ভোট: ৭৪ লাখ ৩৫ হাজার ১৯৬টি এবং  বৈধ ভোট: ৬ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ২১১টি।

সংশোধিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, আগের তুলনায় ‘হ্যাঁ’ ভোট কমেছে ৯ লাখ ৭৪ হাজার ৬৮০টি এবং ‘না’ ভোট কমেছে ১ লাখ ১১ হাজার ৪৯৫টি। এ ছাড়া বাতিল ভোটের সংখ্যা বেড়েছে ১২ হাজার ৫৫৯টি। সব মিলিয়ে মোট প্রদত্ত ভোট কমেছে ১০ লাখ ৭৩ হাজার ৬১৬টি।

নির্বাচন কমিশন সংশোধনের সুনির্দিষ্ট কারণ উল্লেখ না করলেও জানিয়েছে, কমিশনের আদেশক্রমেই এই সংশোধনী গেজেট প্রকাশ করা হয়েছে।

এই গণভোটের মাধ্যমেই ‘জুলাই জাতীয় সনদ’-এর সাংবিধানিক বৈধতা ও জনসম্মতি চূড়ান্ত করার কথা রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।