ছবি: সংগৃহীত
চট্টগ্রামের রাউজানে মো. মুজিব (৫৬) নামে এক বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইফতারের পর সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের অলিমিয়াহাট বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের পর মুজিব বাজারে আড্ডা দিচ্ছিলেন। এ সময় ৩-৪ জন অস্ত্রধারী যুবক মফিজের দোকানের সামনে রাস্তায় তাকে লক্ষ্য করে প্রকাশ্যে ৮ থেকে ১০ রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় তাকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মো. মুজিব পূর্ব গুজরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্যম আধারমানিক এলাকার বাসিন্দা এবং মৃত আবদুল মোনাফের ছেলে। তিনি স্থানীয়ভাবে বিএনপির একজন নেতা হিসেবে পরিচিত ছিলেন।
ঘটনাস্থল পরিদর্শনকারী রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন বলেন, ‘নারী-সংক্রান্ত একটি সালিশি বৈঠককে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, ‘ঘটনার বিষয়ে তদন্ত শুরু হয়েছে। দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।’
এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
