চলতি বছরের সাদাকাতুল ফিতর বা ফিতরার হার জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা এবং সর্বনিম্ন ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ সকালে বায়তুল মুকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতীব মুফতি মুহাম্মদ আবদুল মালেক এ সভায় সভাপতিত্ব করেন।
ইসলামী শরিয়া মতে, আটা, যব, কিসমিস, খেজুর ও পনির ইত্যাদি পণ্যের যেকোনো একটির মাধ্যমে ফিতরা আদায় করা যায়। সভায় সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়, গম বা আটার পরিমাণে ফিতরা আদায় করলে অর্ধ সা’ বা ১ কেজি ৬৫০ গ্রাম বা এর বাজারমূল্য ১১০ টাকা দিতে হবে। যব দিয়ে আদায় করলে এক সা' বা ১ কেজি ৩৩০ গ্রাম বা ৫৯৫ টাকা, খেজুর হলে ৩ কেজি ৩০০ গ্রাম বা ২ হাজার ৪৭৫ টাকা, কিসমিস ৩ কেজি ৩০০ গ্রাম বা ২ হাজার ৬৪০ টাকা ও পনিরের পরিমাণে আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রাম বা ২ হাজার ৮০৫ টাকা ফিতরা দিতে হবে।
দেশের সব বিভাগ থেকে সংগৃহীত আটা, যব, খেজুর, কিসমিস ও পনিরের বাজারমূল্যের ভিত্তিতে ফিতরা নির্ধারণ করা হয়েছে। সামর্থ্য অনুযায়ী এসব পণ্যের যেকোনো একটি পণ্য বা বাজারমূল্যের মাধ্যমে সাদাকাতুল ফিতর আদায় করা যাবে।
দেশের বিভিন্ন অঞ্চলে এ পণ্যগুলোর স্থানীয় খুচরা বাজার মূল্যের তারতম্য রয়েছে। তদানুযায়ী স্থানীয় মূল্যে পরিশোধ করলেও ফিতরা আদায় হবে।
