উ. কোরিয়ার পারমাণবিক শক্তির প্রতি সম্মান দেখাতে বললেন কিম
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ২০:৪৭
ছবি:কিম জং উন ও তার স্ত্রী।
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন তার দেশের পারমাণবিক অস্ত্রাগার আরও সম্প্রসারণ ও কার্যকর ব্যবহারের ইচ্ছা প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তির প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন।
বিবিসি-র প্রতিবেদনে বলা হয়েছে, কিম জং উন মন্তব্য করেন- যুক্তরাষ্ট্র যদি স্বীকার করে যে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র স্থিতিশীলভাবে বজায় থাকবে, তবে দুই দেশ ‘একসঙ্গে চলতে’ পারবে।
পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত কোরিয়ার ওয়ার্কার্স পার্টি-র নবম কংগ্রেসে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্লেষকদের মতে, কিমের এই বক্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর আসন্ন চীন সফরের আগে আলোচনার দরজা খোলা রাখার একটি কৌশলগত ইঙ্গিত।
তবে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তিনি স্পষ্টভাবে নাকচ করে দেন। কিম দক্ষিণ কোরিয়াকে উত্তর কোরিয়ার ‘সবচেয়ে বড় শত্রু’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, যদি ওয়াশিংটন উত্তর কোরিয়ার সংবিধানে বর্ণিত পারমাণবিক অবস্থানকে সম্মান করে এবং শত্রুতামূলক নীতি প্রত্যাহার করে, তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক স্থাপনে কোনো বাধা নেই।
কিম আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের নীতির ওপরই দুই দেশের ভবিষ্যৎ নির্ভর করছে- তা হবে শান্তিপূর্ণ সহাবস্থান নাকি স্থায়ী সংঘর্ষ।
দক্ষিণ কোরিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, সিউলকে ‘স্থায়ীভাবে স্বদেশী শ্রেণি থেকে বাদ দিতে হবে’ এবং সীমান্তভিত্তিক ভূ-রাজনৈতিক অবস্থান পরিবর্তন না হওয়া পর্যন্ত একমাত্র নিরাপদ পথ হলো উত্তর কোরিয়াকে একা ছেড়ে দেওয়া।
এক বিশ্লেষক এএফপিকে জানান, কিম জং উনের সাম্প্রতিক বক্তব্য দক্ষিণ কোরিয়াকে পাশ কাটিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি ও স্বাধীনভাবে কূটনৈতিক সম্পর্ক এগিয়ে নেওয়ার ইচ্ছারই ইঙ্গিত বহন করছে।
