https://www.emjanews.com/

14052

sylhet

প্রকাশিত

২৭ ফেব্রুয়ারী ২০২৬ ১৯:০৫

আপডেট

২৭ ফেব্রুয়ারী ২০২৬ ১৯:০৬

সিলেট

ফেরীঘাট স্থাপন কাজের উদ্বোধন করলেন এম এ মালিক 

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী ২০২৬ ১৯:০৫

ছবি: সংগৃহীত

সিলেট বালাগঞ্জে কুশিয়ারা নদীর উপর ফেরীঘাট স্থাপন (বালাগঞ্জ প্রান্ত) কাজের উদ্বোধন করেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালিক)।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) দুপুর ২টায় উদ্বোধনকালে এম এ মালিক বলেন, বালাগঞ্জ বাজারের সঙ্গে সংযোগ স্থাপনে একটি সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। সেতু নির্মাণ সময়সাপেক্ষ হলেও অন্তর্বর্তী সমাধান হিসেবে মৌলভীবাজারের সঙ্গে যোগাযোগ সহজ করতে আজ ফেরিঘাট স্থাপন (বালাগঞ্জ প্রান্ত) কাজের উদ্বোধন হলো।

এলাকার যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের অসম্পূর্ণ কাজ দ্রুত শেষ করতে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন। তিনি জানান, গণতান্ত্রিক ব্যবস্থায় মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করা তার অঙ্গীকার এবং তার ভুল থাকলেও সমালোচনার পূর্ণ অধিকার সাংবাদিকদের থাকবে।

এম এ মালিক বলেন, এলাকার জনগণের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে তিনি কাজ শুরু করেছেন। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, স্কুল, মসজিদ, মাদ্রাসা ও মন্দিরের অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলা বাজারসহ গুরুত্বপূর্ণ সড়কগুলো সংস্কার এখন সময়ের দাবি বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, ‘এই দেশ গণতান্ত্রিক সরকার দ্বারা পরিচালিত। গণতন্ত্রে আইনের শাসন ও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সরকার, রাজনীতিবিদ ও গণমাধ্যম-সবার সমন্বিত ভূমিকা প্রয়োজন।’

গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অবহেলিত এলাকার সমস্যা ও উন্নয়ন চাহিদা তুলে ধরার মাধ্যমে সরকারের কাছে বিষয়গুলো পৌঁছে দিতে হবে। প্রচার-প্রচারণার মাধ্যমে জনগণের কণ্ঠস্বর জোরালো হলে উন্নয়ন ত্বরান্বিত হবে।’

মুক্ত সাংবাদিকতার প্রসঙ্গে এমপি মালিক বলেন, তার দল ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাবে মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার অঙ্গীকার করেছে। স্থানীয় সংসদ সদস্য হিসেবে তিনি সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা দেবেন।

তিনি আরও বলেন, ‘সরকার, রাজনৈতিক দল ও গণমাধ্যম একসাথে কাজ করলে তবেই এলাকার সার্বিক উন্নয়ন সম্ভব হবে।’

এসময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: মেহেদী হাসান, প্রশাসনিক কর্মকর্তা মো: সফিকুল ইসলাম, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দর নুর, বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি লুৎফর রহমান,  যুগ্ম-সাধারণ সম্পাদক আজমান আলী জুয়েল, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সেফুল, বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য-সচিব দেলোয়ার হোসেন মুকিত, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক আবুল মাহমুদ, প্রতিষ্ঠাতা সভাপতি ইশতিয়াক হোসেন দুদুসহ সকল পর্যায়ের প্রশাসনিক ও স্থানীয় নেতৃবৃন্দসহ অসংখ্য জনসাধারণ।