https://www.emjanews.com/

14349

sylhet

প্রকাশিত

১২ মার্চ ২০২৬ ২০:০২

আপডেট

১২ মার্চ ২০২৬ ২০:০৪

সিলেট

সিলেটে বেপরোয়া পিকআপ থামাতে গিয়ে পুলিশের ওপর হা’মলা, চালক গ্রে’প্তার

প্রকাশ: ১২ মার্চ ২০২৬ ২০:০২

ছবি: এসএমপি।

সিলেটে বেপরোয়া গতির একটি পিকআপ থামাতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পিকআপ চালককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, বুধবার (১১ মার্চ) রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগের উত্তর জোনের আম্বরখানা-তেমুখী এলাকায় চেকপোস্ট ডিউটির সময় সুবিদবাজার এলাকায় একটি পিকআপ (রেজি: সিলেট মেট্রো-ন-১৫-০৭১৭) দ্রুত ও বেপরোয়া গতিতে মদিনা মার্কেটের দিক থেকে সুবিদবাজারের দিকে আসতে দেখা যায়। এ সময় কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট সত্যজিৎ দাস গাড়িটি থামানোর সিগন্যাল দিলে চালক তা অমান্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে করতে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পরে সার্জেন্ট সত্যজিৎ দাস একটি সিএনজি অটোরিকশায় করে পিকআপটির পিছু নেন এবং একাধিকবার থামার নির্দেশ দিলেও চালক আরও বেপরোয়া গতিতে লামাবাজার, জিতু মিয়ার পয়েন্ট ও কাজীরবাজার ব্রিজ অতিক্রম করে বাবনা পয়েন্টের দিকে চলে যায়। বাবনা পয়েন্ট এলাকায় যানজট থাকায় স্থানীয় সিএনজি চালক ও জনতার সহায়তায় পিকআপটি থামানো সম্ভব হয়।

এ সময় উত্তেজিত জনতা চালককে মারধর শুরু করলে পুলিশ তাকে উদ্ধার করার চেষ্টা করে। পরে রাত আনুমানিক ২টার দিকে লাউয়াই পুলিশ বক্সের পেট্রোল ডিউটি দল ঘটনাস্থলে পৌঁছালে পিকআপ চালক জুয়েল আহমেদ (৩৫) হঠাৎ উঠে এএসআই (নিঃ) অরুন চন্দ্র কৈরীর ডান গালে ঘুষি মেরে আহত করে। একই সময় চালকের পক্ষ নিয়ে ৮ থেকে ১০ জন অজ্ঞাত ব্যক্তি বেআইনি জনতাবদ্ধ হয়ে পুলিশের ওপর আক্রমণ চালায় এবং কর্তব্য পালনে বাধা দেয়।

পরে আহত চালককে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয় এবং আহত এএসআই অরুন চন্দ্র কৈরী সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা নেন। এ সময় অজ্ঞাত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পিকআপটি জোরপূর্বক সরিয়ে নেয়।

এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মামলা (নং-০৮, তারিখ: ১১/০৩/২০২৬) দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামি জুয়েল আহমেদ (৩৫) দক্ষিণ সুরমা থানার খোজারখলা এলাকার মৃত বাবুল মিয়ার পুত্র। চিকিৎসা শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।