https://www.emjanews.com/

14356

national

প্রকাশিত

১২ মার্চ ২০২৬ ২২:৩৭

জাতীয়

ডিসেম্বরে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ দেবে রূপপুর: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

প্রকাশ: ১২ মার্চ ২০২৬ ২২:৩৭

ছবি: সংগৃহীত

চলতি বছরের শেষ নাগাদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র–এর প্রথম ইউনিট থেকে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে পরিকল্পনা কমিশনে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। আগামী ৭ এপ্রিল এই কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে ‘ফুয়েল লোডিং’ শুরু হবে। ফুয়েল লোডিং প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর জুন–জুলাই মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করা যাবে।

তিনি আরও জানান, পরীক্ষামূলক উৎপাদন শুরু হওয়ার পর থেকেই এই কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হবে। তবে প্রথম ইউনিটের পূর্ণ সক্ষমতা—১২০০ মেগাওয়াট বিদ্যুৎ—আগামী ডিসেম্বর নাগাদ নিয়মিতভাবে গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরীক্ষামূলক চালুর সময় কেন্দ্রটি সরাসরি পূর্ণ সক্ষমতায় পরিচালিত হয় না। জুন–জুলাই মাসে উৎপাদন শুরুর পর ধাপে ধাপে উৎপাদন বাড়ানো হবে। ডিসেম্বরের মধ্যে পর্যায়ক্রমে বিদ্যুতের পরিমাণ বাড়িয়ে ১২০০ মেগাওয়াটে পৌঁছানো হবে এবং তখন নিয়মিতভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হবে।