https://www.emjanews.com/

14619

politics

প্রকাশিত

৩০ মার্চ ২০২৬ ২০:১৭

রাজনীতি

১৫ ইস্যুতে ভিন্নমত জামায়াতের, ‘নোট অব ডিসেন্ট’ জমা

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬ ২০:১৭

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদে উত্থাপিত ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনায় গঠিত বিশেষ কমিটির বৈঠকে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিষয়ে ভিন্নমত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গণভোট, মানবাধিকার কমিশন ও বিচারবিভাগ পৃথকীকরণসহ প্রায় ১৫টি ইস্যুতে দলটির পক্ষ থেকে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়া হয়েছে।

রোববার (২৯ মার্চ) সংসদের বিশেষ বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান দলের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। বৈঠকে দলটির নায়েবে আমির মুজিবুর রহমানসহ অন্যান্য সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

রফিকুল ইসলাম খান বলেন, বৈঠকে প্রায় ২২টি বিষয়ে আলোচনা হয়েছে, যার মধ্যে ১৪ থেকে ১৫টি বিষয়ে তারা একমত হতে পারেননি। তিনি অভিযোগ করেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে কিছু সিদ্ধান্ত পাস করার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, মানবাধিকার কমিশন, পুলিশ কমিশন এবং গুম-খুন প্রতিরোধ কমিশনের মতো প্রতিষ্ঠানগুলোকে পুনরায় দলীয়করণের পথে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে তাদের আশঙ্কা রয়েছে।

বিচার বিভাগ সম্পর্কিত বিষয়ে তিনি জানান, সুপ্রিম কোর্টের স্বাধীন সচিবালয় এবং বিচারপতি নিয়োগের বাছাই কমিটির মতো সংস্কারমূলক উদ্যোগগুলো বাতিল করে আগের অবস্থায় ফিরে যাওয়ার চেষ্টা হচ্ছে, যার বিরোধিতা করছে জামায়াত। একই সঙ্গে দুর্নীতি দমন কমিশনের (দুদক) স্বাধীনতা খর্বের অভিযোগেও তারা আপত্তি জানিয়েছে।

সংবিধানে গণভোটের বিধান রাখা না রাখা নিয়ে বিতর্কের প্রসঙ্গে রফিকুল ইসলাম খান বলেন, গণভোটের সঙ্গে গোটা জাতি সম্পৃক্ত। এটি বাতিলের প্রস্তাব তারা প্রত্যাখ্যান করেছেন। তিনি প্রশ্ন তুলে বলেন, যদি গণভোট সংবিধান বহির্ভূত হয়, তবে একই দিনে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন কীভাবে বৈধ হয়? জনগণের দেওয়া ‘হ্যাঁ’ ভোট বাস্তবায়নের দাবি জানান তিনি।

তিনি আরও জানান, যেসব বিষয়ে কমিটিতে ঐকমত্য হয়নি, সেগুলো চূড়ান্ত আলোচনার জন্য পুনরায় সংসদ অধিবেশনে তোলা হবে। ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১০ থেকে ১৫টি বিষয়ে আংশিক সমঝোতা হলেও বাকি গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে তারা আপস করবেন না বলে জানান।

এদিকে সংশ্লিষ্ট সূত্র বলছে, এসব বিষয়ে সংসদে ভোটাভুটি বা বিস্তারিত আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।