করোনা মহামারি মোকাবেলায় ভ্যাকসিন কেনায় এখন পর্যন্ত ৪ হাজার ৩৯৪ কোটি ৮ লাখ ২৫ হাজার টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের দশম দিনের বৈঠকে ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিনের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য উপস্থাপন করেন। সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
টেবিলে উত্থাপিত প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনা পরিস্থিতি সামাল দিতে ২০২০-২১ অর্থবছর থেকে ভ্যাকসিনসহ প্রয়োজনীয় করোনা সরঞ্জাম আমদানি ও ক্রয়ের জন্য মোট ৪ হাজার ৬৮৫ কোটি ২২ লাখ ২ হাজার ২৯৭ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। এই বরাদ্দ থেকে ভ্যাকসিন কেনার ব্যয় দাঁড়িয়েছে ৪ হাজার ৩৯৪ কোটি ৮ লাখ ২৫ হাজার টাকা।
অন্য খাতের ব্যয়ের হিসাব তুলে ধরে তিনি বলেন, ভ্যাকসিন প্রয়োগে ব্যবহারের জন্য সিরিঞ্জ কেনায় খরচ হয়েছে ৩০ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকা। দেশের বিভিন্ন অঞ্চলে ভ্যাকসিন পরিবহনে ব্যয় হয়েছে ১৯ কোটি ৫৭ লাখ ৩ হাজার ৩৫৪ টাকা, আর সিরিঞ্জ পরিবহন ও সংশ্লিষ্ট চার্জ বাবদ ব্যয় হয়েছে ৯৯ লাখ ৭৮ হাজার ৯৮০ টাকা।
ভ্যাকসিন আমদানিতে কোনো অনিয়ম হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, এখন পর্যন্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কাছে এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা তথ্য পৌঁছেনি। তিনি বলেন, সরকার স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। কোনো অনিয়মের তথ্য পাওয়া গেলে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, মহামারির চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে দেশ দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পেরেছে।
