সিলেটে শব্দদূষণবিরোধী অভিযানে ১৪ জনকে জরিমানা
২৪টি হাইড্রোলিক হর্ন জব্দ
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬ ২০:০৪
ছবি: র্যাব -৯
সিলেটের শাহপরান এলাকায় শব্দদূষণবিরোধী বিশেষ অভিযানে ১৪ জন ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। এ সময় ২৪টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত র্যাব-৯ এবং পরিবেশ অধিদপ্তর, সিলেটের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
র্যাব সূত্র জানায়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২৫ অনুযায়ী মোটরযান ও নৌযানে অনুমোদিত শব্দমাত্রা অতিক্রমকারী হর্ন স্থাপন ও ব্যবহার নিষিদ্ধ থাকলেও কিছু মোটরযান মালিক তা লঙ্ঘন করছে। পাশাপাশি বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় ক্ষতিকর কার্যক্রম নিষিদ্ধ থাকলেও তা উপেক্ষিত হচ্ছে।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে শাহপরান এলাকার বিভিন্ন স্থানে অনুমোদিত মাত্রার চেয়ে বেশি শব্দযুক্ত হর্ন ব্যবহারকারী যানবাহন শনাক্ত করা হয়। পরে ১৪ জনকে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয় এবং ২৪টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
র্যাব-৯ জানায়, জনস্বার্থে শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান থাকবে।
