https://www.emjanews.com/

15146

surplus

প্রকাশিত

২১ এপ্রিল ২০২৬ ২০:২২

অন্যান্য

ওসমানীনগরে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

প্রথম দিনে অনুপস্থিত ১৪

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬ ২০:২২

ছবি: সংগৃহীত

সিলেটের ওসমানীনগরে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ২০২৬ সালের এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষা শুরু হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেলেও মোট ১৪ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। তাদের অনুপস্থিতির কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

উপজেলা প্রশাসনের কঠোর তদারকি এবং সংশ্লিষ্টদের সমন্বিত প্রচেষ্টায় কোনো পরীক্ষাকেন্দ্রে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। একই সঙ্গে কোনো শিক্ষার্থী বহিষ্কারের ঘটনাও ঘটেনি, যা সুষ্ঠু পরীক্ষার পরিবেশের ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মোট ৮টি কেন্দ্রে ১ হাজার ৮৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৮৩২ জন উপস্থিত ছিল। অনুপস্থিত ছিল ১৪ জন।

কেন্দ্রভিত্তিক উপস্থিতির চিত্রে দেখা যায়- মঙ্গলচন্ডি নিশিকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ২৫০ জনের মধ্যে ২৪৯ জন, সাদিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে ১৮১ জনের মধ্যে ১৮০ জন, সদরুন্নেছা উচ্চ বিদ্যালয়ে ২৮৩ জনের মধ্যে ২৮১ জন এবং খুজগীপুর মান উল্লাহ উচ্চ বিদ্যালয়ে ৩৯৪ জনের মধ্যে ৩৯১ জন পরীক্ষায় অংশ নেয়। এছাড়া হযরত শাহজালাল (র:) ফাযিল মাদ্রাসায় সর্বাধিক ৫০৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৯৭ জন উপস্থিত ছিল।

অন্যদিকে, গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ব্যতিক্রমী চিত্র দেখা গেছে। এখানে সাধারণ শাখার ২০০ জন ও ভোকেশনাল শাখার ৩৪ জনসহ মোট ২৩৪ জন পরীক্ষার্থীর সবাই পরীক্ষায় অংশ নেয়, ফলে শতভাগ উপস্থিতি নিশ্চিত হয়।

পরীক্ষা শেষে কয়েকজন শিক্ষার্থী জানায়, কেন্দ্রের পরিবেশ ছিল স্বস্তিদায়ক এবং তারা কোনো ধরনের চাপ ছাড়াই পরীক্ষা দিতে পেরেছে। তবে রাতে লোডশেডিং কারণে পড়তে একটু সমস্যা হয়।

প্রতিটি কেন্দ্রেই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন নাহার আশা। তিনি বলেন, ‘৮টি কেন্দ্রেই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আমি নিজে কেন্দ্রগুলো পরিদর্শন করেছি। কোথাও কোনো অনিয়মের ঘটনা ঘটেনি। আশা করছি বাকি পরীক্ষাগুলোও একইভাবে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে।’

অনুপস্থিত শিক্ষার্থীদের বিষয়ে তিনি জানান, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও অভিভাবকদের সঙ্গে কথা বলে অনুপস্থিতির কারণ খতিয়ে দেখা হচ্ছে।