https://www.emjanews.com/

15167

jobs

প্রকাশিত

২২ এপ্রিল ২০২৬ ১৯:১৭

চাকুরী

পুলিশে রদবদল: সিলেট মহানগর পুলিশে একাধিক এসপি বদলি

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬ ১৯:১৭

ছবি: সংগৃহীত

সিলেট মহানগরসহ দেশের পুলিশ বাহিনীতে শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল আনা হয়েছে। অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদমর্যাদার একজন কর্মকর্তাসহ মোট ২৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। পাশাপাশি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিনজন উপকমিশনারকে অভ্যন্তরীণভাবে স্থানান্তর করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা তিনটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব বদলি ও নতুন কর্মস্থলে পদায়নের আদেশ দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রশাসনের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই এ রদবদল করা হয়েছে।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ টেলিকমের ডিআইজি ও সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিমকে নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ডিআইজি পদমর্যাদার সাতজন কর্মকর্তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

এর মধ্যে পুলিশ অধিদপ্তরের ডিআইজি খোন্দকার নজমুল হাসানকে টাঙ্গাইল পিটিসির কমান্ড্যান্ট হিসেবে পাঠানো হয়েছে। টাঙ্গাইল পিটিসির বর্তমান কমান্ড্যান্ট মোহাম্মদ আশফাকুল আলমকে বদলি করে পুলিশ অধিদপ্তরে ডিআইজি করা হয়েছে।

রংপুর মহানগর পুলিশের কমিশনার মো. মজিদ আলীকে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর ডিআইজি করা হয়েছে। তার স্থলে হাইওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ রংপুর মহানগর পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া মোহাম্মদ আব্দুল্লাহীল বাকীকে হাইওয়ে পুলিশের ডিআইজি, কাজী জিয়া উদ্দিনকে পুলিশ স্টাফ কলেজের ডিআইজি এবং আবু রায়হান মুহাম্মদ সালেহকে পুলিশ অধিদপ্তরে ডিআইজি হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

একই সঙ্গে ১৩ জন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তাকেও বদলি করা হয়েছে। এর গুরুত্বপূর্ণ অংশজুড়ে রয়েছে সিলেট মহানগর পুলিশ। হাইওয়ে পুলিশের এসপি মুহাম্মদ রহমত উল্লাহ, বিশেষ শাখার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, পিবিআইয়ের মো. আকতার হোসেন এবং এপিবিএনের শাহরিয়ার আল মামুনকে বদলি করা হয়েছে।

এছাড়া এলিজা শারমীনকে এপিবিএনে, মোহাম্মদ শাহজাহান মিয়াকে বিশেষ শাখায়, মাহফুজা আক্তারকে পুলিশ টেলিকমে, মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুনকে পিবিআইতে এবং মোহাম্মদ মোর্শেদ আলমকে রংপুর মহানগর পুলিশে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

কিশোরগঞ্জের পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেনকে পিবিআইয়ের এসপি এবং ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ মিজানুর রহমানকে কিশোরগঞ্জের নতুন পুলিশ সুপার করা হয়েছে। পাশাপাশি মো. মারুফাত হুসাইনকে ট্যুরিস্ট পুলিশে এবং মোহাম্মদ মোজাম্মেলকে রংপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে, ডিএমপি কমিশনারের কার্যালয় থেকেও পৃথক চিঠিতে তিনজন উপকমিশনারের অভ্যন্তরীণ রদবদল নিশ্চিত করা হয়েছে। ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত ওই চিঠিতে জানানো হয়, মোহাম্মদ মাহমুদুল কবীরকে সচিবালয় নিরাপত্তা বিভাগে, মোহাম্মদ মাসুদ রানাকে ট্রাফিক গুলশান বিভাগে এবং মোছা. লিজা বেগমকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।