বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। আজ শনিবার (২৫ এপ্রিল) সকালে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন দূতাবাস জানিয়েছে, এই ৭৫ দেশের নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তা গ্রহণের হার বেশি। তাই ডিপার্টমেন্ট অব স্টেট অভিবাসী ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত করেছে। তবে পর্যটক, শিক্ষার্থী এবং অন্যান্য অনভিবাসী ভিসার ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের নথি অনুযায়ী, যেসব আবেদনকারীর কাছে সরকারি সহায়তা নিতে যাওয়া সম্ভব, তাদের যাচাই-বাছাই প্রক্রিয়া পুনর্মূল্যায়ন করা হবে। এই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত অভিবাসী ভিসা স্থগিত থাকবে। গত ২১ জানুয়ারি থেকে এই স্থগিতাদেশ কার্যকর রয়েছে।
তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগুয়া ও বারবুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামাস, বাংলাদেশ, বার্বাডোস, বেলারুশ, বেলিজ, ভুটান, বসনিয়া ও হার্জেগোভিনা, ব্রাজিল, বার্মা, কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, কলম্বিয়া, কোত দিভোয়ার, কিউবা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, ডোমিনিকা, মিশর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ফিজি, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গ্রেনাডা, গুয়াতেমালা, গিনি, হাইতি, ইরান, ইরাক, জ্যামাইকা, জর্ডান, কাজাখস্তান, কসোভো, কুয়েত, কিরগিজ প্রজাতন্ত্র, লাওস, লেবানন, লাইবেরিয়া, লিবিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টিনিগ্রো, মরক্কো, নেপাল, নিকারাগুয়া, নাইজেরিয়া, উত্তর ম্যাসেডোনিয়া, পাকিস্তান, কঙ্গো প্রজাতন্ত্র, রাশিয়া, রুয়ান্ডা, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস, সেনেগাল, সিয়েরা লিওন, সোমালিয়া, দক্ষিণ সুদান, সিরিয়া, তানজানিয়া, থাইল্যান্ড, টোগো, তিউনিসিয়া, উগান্ডা, উরুগুয়ে, উজবেকিস্তান এবং ইয়েমেন।
