ছবি: সংগৃহীত
বলিউডে নিজের জায়গা তৈরি করতে শ্রীলঙ্কান বংশোদ্ভূত অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজকে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে। প্রায় ১৫ বছরের ক্যারিয়ারে নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি শেয়ার করেছেন শুটিং সেটে ঘটে যাওয়া এক অস্বস্তিকর অভিজ্ঞতা, যেখানে সহ-অভিনেতা অক্ষয় কুমারের একটি মন্তব্যে তিনি মানসিকভাবে ভীত হয়ে পড়েছিলেন।
জ্যাকলিন জানান, ‘হাউসফুল’ ছবির শুটিং চলাকালীন তার প্রথম আইটেম গান ‘ধন্নো’র শুটিংয়ের আগে সেটে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা ছিল। বিষয়টি দেখে তিনি প্রথমে বেশ ঘাবড়ে যান এবং অক্ষয় কুমারকে জিজ্ঞাসা করেন, এত পুলিশ কেন রয়েছে।
জবাবে অক্ষয় কুমার মজার ছলে বলেন, ‘ওরা তোমার জন্য এসেছে, শট শেষ হলেই তোমাকে থানায় নিয়ে যাবে!’ এই মন্তব্য শুনে জ্যাকলিন মুহূর্তেই ভয় পেয়ে যান বলে জানান।
অভিনেত্রী বলেন, পুরো নাচের শুটিংটাই তিনি আতঙ্কের মধ্যে শেষ করেন এবং সেই ঘটনার প্রভাব তার মনে বেশ কিছুদিন থেকে যায়। তিনি আরও জানান, তখন তার মনে বারবার প্রশ্ন ঘুরছিল—তিনি কোনো অপরাধ করেছেন কি না।
পরে অক্ষয় কুমার বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন এবং জানান, এটি সম্পূর্ণই সেটের হালকা পরিবেশ বজায় রাখার উদ্দেশ্যে করা একটি কৌতুক ছিল।
জ্যাকলিন ফার্নান্দেজ বলেন, সময়ের সঙ্গে তিনি বিষয়টি বুঝতে পারেন এবং তা থেকে বেরিয়ে আসেন, তবে সেই অভিজ্ঞতা তার মনে দীর্ঘদিন ছাপ ফেলে যায়।
