সংবিধান সংস্কার ও জুলাই সনদ নিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে: মির্জা ফখরুল
প্রকাশ: ০২ মে ২০২৬ ২১:৫৯
ছবি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংবিধান সংস্কার ও জুলাই সনদ ইস্যুতে জনগণকে ভুল বোঝানো হচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে জামায়াতে ইসলামীর বর্তমান তৎপরতাকে দেশকে অস্থির করার চেষ্টা বলেও উল্লেখ করেন তিনি।
শনিবার (২ মে) দুপুরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ডা. মো. আবদুল কুদ্দুসের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল।
তিনি বলেন, ‘যারা নির্বাচিত হবেন তারা সংবিধান সংস্কার পরিষদ করবেন- এমন সিদ্ধান্তে বিএনপি কখনোই একমত ছিল না। এ বিষয়ে জনগণকে ভুল বোঝানো হচ্ছে।’
জামায়াতের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘জামায়াত আন্দোলন করছে দেশকে আবার অস্থির করতে।’
দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, গত ১৫ বছরের শাসনের ফলে দেশের নৈতিক অবক্ষয় ঘটেছে। ‘ফ্যাসিস্টরা যে সমাজ রেখে গেছে, তা পুরোপুরি নৈতিকতা থেকে সরে গেছে। আমরা এখন সরকারের ভেতরে যতই ঢুকছি, ততই আতঙ্কিত হচ্ছি,’ বলেন তিনি।
তিনি আরও বলেন, গত ১৫ বছরে তদবির ও দুর্নীতির যে সংস্কৃতি তৈরি হয়েছে, সেই ধ্বংসপ্রাপ্ত ব্যবস্থাকে কীভাবে পুনর্গঠন করা হবে, সেটিই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশ বর্তমানে ৮০ লাখ কোটি টাকা দেনায় জর্জরিত। এ সংকট থেকে উত্তরণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ সনদ গঠনের সময় আমরা ছিলাম। তখন বলা হয়েছিল, সবকিছু ঐকমত্যের ভিত্তিতে হবে, নতুবা বাদ দেওয়া হবে। কিন্তু এখন বলা হচ্ছে পুরো সনদই বাস্তবায়ন করতে হবে।’
সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলকে যোগ দেওয়ার আহ্বানের বিষয়েও তিনি কথা বলেন এবং দ্রুত সিদ্ধান্ত আসবে বলে আশা প্রকাশ করেন।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততার উদাহরণ টেনে মির্জা ফখরুল বলেন, সততা ছাড়া ভালো কাজ সম্ভব নয়। তিনি অভিযোগ করেন, বর্তমানে বাংলাদেশে মসজিদ-মন্দির নির্মাণেও দুর্নীতি হচ্ছে।
বিশ্ব প্রেক্ষাপটে টিকে থাকতে হলে মেধার চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন বিএনপি মহাসচিব।
স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
