ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী জাদুকাটা নদী থেকে সালাউদ্দিন ওরফে ছালু মিয়া (৫৯) নামে এক কৃষি শ্রমিকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।
বুধবার (১৩ মে) সকালে তাহিরপুরের ঘাগড়া গ্রামসংলগ্ন জাদুকাটা নদীর তীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সালাউদ্দিন ওরফে ছালু মিয়া কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মাইজচর পূর্বপাড়ার মৃত আলী আকবরের ছেলে। তিনি গত পাঁচ বছর ধরে পরিবার নিয়ে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মিয়ারচর গ্রামে বসবাস করে আসছিলেন।
নিহতের ছেলে রাব্বি মিয়া জানান, সোমবার (১১ মে) সকালে বাড়ি থেকে বের হওয়ার পর সালাউদ্দিন আর ফিরে আসেননি। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
বুধবার সকালে তাহিরপুর উপজেলার ঘাগড়া গ্রামের পাশে জাদুকাটা নদীর তীরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহটি সালাউদ্দিন ওরফে ছালু মিয়ার বলে শনাক্ত করেন।
খবর পেয়ে সুনামগঞ্জের টুকেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠান।
টুকেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির এসআই জাহাঙ্গীর আলম জানান, আপাতত জিডিমূলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
