ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা দুই প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ মে) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলার সোনারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের আলকাছ মিয়ার ছেলে জিয়াউল আমীন (২৫) ও একই এলাকার শাহেদ আলীর ছেলে শাহ আলম (৩০)। তারা দুজনই মধ্যপ্রাচ্য প্রবাসী ছিলেন। জিয়াউল আমীন সৌদি আরব এবং শাহ আলম সংযুক্ত আরব আমিরাতে কর্মরত ছিলেন। সম্প্রতি ছুটিতে দেশে ফেরেন তারা।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে মোটরসাইকেলে করে আশুগঞ্জের দিকে যাচ্ছিলেন দুই বন্ধু। পথে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের সোনারামপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা সিলেটগামী একটি মালবাহী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
খবর পেয়ে সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু তাহের দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
