ছবি: সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় সরকারি আবাসন প্রকল্পে অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগে এক তৃণমূল কংগ্রেস নেতাকে নাটকীয়ভাবে গ্রেপ্তার করেছে পুলিশ। শাড়ির স্তূপের নিচে লুকিয়েও শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে রক্ষা পাননি তিনি।
গ্রেপ্তার হওয়া ওই নেতার নাম ব্রহ্মানন্দ চক্রবর্তী। তিনি হাওড়া জেলার উদয়ননারায়ণপুরের বিলসাপুর এলাকার বাসিন্দা এবং স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা হিসেবে পরিচিত।
স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, সরকারি আবাসন প্রকল্পের সুবিধাভোগীদের কাছ থেকে অবৈধভাবে কমিশন আদায় করে অর্থ আত্মসাৎ করেছেন ব্রহ্মানন্দ চক্রবর্তী। এ অভিযোগের ভিত্তিতে স্থানীয় থানায় একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হলে তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।
পুলিশ তার অবস্থানের কাছাকাছি পৌঁছে গেলে ব্রহ্মানন্দ চক্রবর্তী পাশের একটি কাপড়ের দোকানের গুদামে আশ্রয় নেন। সেখানে শাড়ির বিশাল স্তূপের নিচে নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করেন তিনি। তবে পুলিশের তল্লাশিতে তার অবস্থান ধরা পড়ে যায়। পরে শাড়ির স্তূপ সরিয়ে তাকে টেনে বের করে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পুরো ঘটনাটি ক্যামেরায় ধারণ করা হয়। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এ ঘটনা পশ্চিমবঙ্গের কোচবিহারের আরেক তৃণমূল নেতার গ্রেপ্তারের ঘটনাকে নতুন করে সামনে এনেছে। এর আগে শাহিদুল মিয়া নামের এক স্থানীয় তৃণমূল নেতাকে খাটের নিচে লুকিয়ে থাকা অবস্থায় গ্রেপ্তার করেছিল পুলিশ। ওই ঘটনায় গ্রামবাসীদের তাড়ার মুখে তিনি নিজের ঘরে আশ্রয় নিয়েছিলেন বলে জানা যায়।
স্থানীয় রাজনৈতিক মহলে ধারাবাহিক এসব ঘটনার পর সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
