https://www.emjanews.com/

16273

art-literature

প্রকাশিত

১০ জুন ২০২৬ ২০:১৯

শিল্প সাহিত্য

সিলেটে ১২ জুন শুরু হচ্ছে ২৪তম চারুকলা প্রদর্শনী

প্রকাশ: ১০ জুন ২০২৬ ২০:১৯

ছবি: সিলেট জেলা শিল্পকলা একাডেমি।

শিল্প-সংস্কৃতির বিকাশ এবং শিশু ও নবীন শিল্পীদের সৃজনশীল কর্মপ্রচেষ্টাকে উৎসাহিত করতে সিলেট জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে ২৪তম চারুকলা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আগামী ১২ জুন বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে এ প্রদর্শনীর উদ্বোধন হবে।

প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। সভাপতিত্ব করবেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

এবারের প্রদর্শনীতে জেলা শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের ৭৮ জন শিক্ষার্থীর আঁকা মোট ১১৩টি শিল্পকর্ম স্থান পেয়েছে। জলরং, অ্যাক্রেলিক, প্যাস্টেল ও স্কেচসহ বিভিন্ন মাধ্যমে নির্মিত এসব শিল্পকর্মে শিক্ষার্থীদের সৃজনশীলতা, নান্দনিক চিন্তাধারা এবং শিল্পচর্চার বহুমাত্রিক প্রকাশ প্রতিফলিত হয়েছে।

আয়োজকরা জানান, প্রদর্শনীটি শিশু ও নবীন শিল্পীদের শিল্পসাধনাকে আরও অনুপ্রাণিত করবে এবং শিল্পপ্রেমী দর্শকদের জন্য একটি সমৃদ্ধ সাংস্কৃতিক আয়োজন হিসেবে বিবেচিত হবে। অনুষ্ঠানে শিশু ও সাধারণ বিভাগে দুইজন শিল্পীকে ‘প্রদর্শনী বিশেষ পুরস্কার’ প্রদান করা হবে।

এছাড়া শিশু ও সাধারণ বিভাগে প্রতি বিভাগ থেকে চারজন করে মোট আটজন শিল্পীকে সনদ ও ক্রেস্ট দেওয়া হবে।

আলোচনা ও পুরস্কার বিতরণ শেষে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রদর্শনীটি উদ্বোধনের পর ১২ জুন থেকে ১৬ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

জেলা শিল্পকলা একাডেমি সিলেটের পক্ষ থেকে শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী, গণমাধ্যমকর্মী এবং শিল্পপ্রেমী সকলকে প্রদর্শনীতে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে।