প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে বিএনপির আলোচনা সভা মঙ্গলবার, অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী-বাণিজ্যমন্ত্রী
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ ০০:০২
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায়। সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে এ সভা অনুষ্ঠিত হবে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমপি। প্রধান বক্তা হিসেবে থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। এছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতারা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
আলোচনা সভায় সিলেট জেলা বিএনপি, জেলার আওতাধীন উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি।
এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির প্রস্তুতি সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২ থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অধীনস্থ ইউনিটগুলো নিজেদের সুবিধাজনক সময়ে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে। এসব কর্মসূচির তথ্য ও ছবি জেলা বিএনপির হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানোর জন্য সংশ্লিষ্ট ইউনিটগুলোকে অনুরোধ করা হয়েছে।
একইভাবে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করবে।
