ছবি: কবি কাজী নজরুল ইসলাম।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে পালনের সিদ্ধান্তের আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করেছে সরকার।
রোববার মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, সরকার ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত সময়কাল ‘নজরুল বর্ষ’ হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ ঘোষণা ২৫ মে ২০২৬ থেকেই কার্যকর হয়েছে।
এর আগে জাতীয় পর্যায়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে গত ২৩ মে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ময়মনসিংহের ত্রিশালে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওই অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান চলতি বছরের ২৫ মে থেকে আগামী বছরের ২৫ মে পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে পালনের ঘোষণা দেন। তারই ধারাবাহিকতায় এবার আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ করা হলো।
সংশ্লিষ্টরা মনে করছেন, ‘নজরুল বর্ষ’ উপলক্ষে বছরজুড়ে জাতীয় কবির সাহিত্য, সংগীত, দর্শন, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা তুলে ধরতে দেশব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক, সাহিত্যিক ও শিক্ষামূলক কর্মসূচি গ্রহণ করা হবে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য, সংগীত ও সংস্কৃতিতে অসামান্য অবদানের জন্য বাংলা ভাষাভাষী মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে আছেন। তাঁর জীবন ও কর্ম নতুন প্রজন্মের কাছে আরও বিস্তৃতভাবে তুলে ধরতেই সরকারের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংস্কৃতিসংশ্লিষ্ট ব্যক্তিরা।
