ছবি: তামান্না ভাটিয়া।
দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে কিছুটা ‘পুরুষতান্ত্রিক’ বলে মন্তব্য করেছেন জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। প্রায় দুই দশকের অভিনয়জীবনের অভিজ্ঞতা থেকে তিনি মনে করেন, দক্ষিণের সিনেমায় নারীদের প্রতি একটি নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি রয়েছে, যা সবসময় ইতিবাচক নয়।
সম্প্রতি ফোর্বস ইন্ডিয়া-কে দেওয়া এক সাক্ষাৎকারে তামান্না বলেন, হিন্দি চলচ্চিত্রে শিল্পঘেঁষা অভিনয় ও বাণিজ্যিক বিনোদন- দুই ধরনের কাজেরই সুযোগ রয়েছে। অনেক অভিনেতা-অভিনেত্রী নির্দিষ্ট ধরনের চরিত্রে স্বাচ্ছন্দ্যবোধ করলেও বলিউডে বৈচিত্র্যময় কাজের সুযোগ পাওয়া যায়। যারা অভিনয় ও গ্ল্যামার- দুই ক্ষেত্রেই নিজেদের প্রমাণ করতে পারেন, তারাই শেষ পর্যন্ত সুপারস্টার হয়ে ওঠেন।
দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্প সম্পর্কে তিনি বলেন, সেখানে একটি বিশেষ ধরনের দৃষ্টিভঙ্গি বিদ্যমান, যা কিছুটা পুরুষতান্ত্রিক। তার ভাষায়, নারীদের প্রতি সেই দৃষ্টিভঙ্গি খুব একটা ইতিবাচক বা প্রশংসাসূচক নয়। তবে তিনি স্বীকার করেন, দক্ষিণের সিনেমার সংগীতনির্ভরতা এবং তারকাকেন্দ্রিক উপস্থাপনা দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়।
তামান্না আরও বলেন, বাণিজ্যিক সাফল্যের বিষয়টি দক্ষিণের চলচ্চিত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় অনেক সময় গল্প ও চরিত্রের পরিসর সীমিত হয়ে পড়ে। তবে এগুলো সম্পূর্ণ তার ব্যক্তিগত পর্যবেক্ষণ বলেও উল্লেখ করেন তিনি।
অভিনেত্রীর মতে, যেসব অভিনেত্রী ১০ থেকে ১৫ বছর বা তারও বেশি সময় ধরে ক্যারিয়ার ধরে রাখতে সক্ষম হয়েছেন, তারা অভিনয়নির্ভর চরিত্রের পাশাপাশি নাচ-গান ও বাণিজ্যিক ধারার চলচ্চিত্রেও সমান দক্ষতা দেখিয়েছেন।
বর্তমানে তামান্না অপেক্ষা করছেন তার নতুন ছবি বিবান: ফোর্স অব দ্য ফরেস্ট-এর মুক্তির। দীপক মিশ্র পরিচালিত এ ছবিতে তার সঙ্গে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা, মনীশ পাল, সুনীল গ্রোভার এবং শ্বেতা তিওয়ারি। আগামী ২৬ আগস্ট ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
