সদ্য প্রত্যাহার হওয়া সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক সংক্ষিপ্ত বার্তায় সিলেটবাসীকে বিদায় জানিয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) দেওয়া ওই পোস্টে তিনি লিখেছেন, ‘বিদায় সিলেট। ভালো থাকুন সিলেটবাসী। আপনাদের ভালোবাসায় আমি ধন্য।’
গত রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৩ জুন) দুপুর ২টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে তার ঢাকায় যাওয়ার কথা রয়েছে। এর আগে, সোমবার (২২ জুন) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব হস্তান্তর করেন। দায়িত্ব ছাড়ার পর জেলা প্রশাসকের কার্যালয়ে তার বিদায়ী আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
প্রসঙ্গত, ২০২৬ সালের ১৮ আগস্ট মো. সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয় এবং ২১ আগস্ট তিনি দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত ছিলেন।
সিলেটে দায়িত্ব পালনকালে বিভিন্ন কর্মকাণ্ডকে কেন্দ্র করে তিনি আলোচনায় ছিলেন। সর্বশেষ হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) মাজারের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার উদ্যোগ, শাহজালাল (রহ.) মাজারের ডেগ সিলগালা এবং নতুন দানবাক্স স্থাপন নিয়ে আলোচনা ও সমালোচনার মুখে পড়েন তিনি।
