ছবি: মো. ইকবাল হুসেন।
সিলেটের কানাইঘাট উপজেলায় সুরমা নদী থেকে নিখোঁজ যুবক মো. ইকবাল হুসেনের (১৯) মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিখোঁজের দুই দিন পর মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের চান্দের বাজার সংলগ্ন নদী থেকে তার ভাসমান মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত ইকবাল হুসেন রাজাগঞ্জ ইউনিয়নের নিজ রাজাগঞ্জ গ্রামের মখলিছ মিয়ার ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ইকবাল গত দুই দিন আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে সন্ধান চালিয়েও তার কোনো খোঁজ পায়নি। মঙ্গলবার দুপুরে সুরমা নদীর ওই এলাকায় একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি ইকবালের বলে শনাক্ত করেন।
স্থানীয় ইউপি সদস্য মাহবুবুর রহমান চুনু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইকবাল হুসেন কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত দুদিন ধরে তার সন্ধান মিলছিল না। আজ নদীতে মরদেহ ভেসে ওঠার খবর পেয়ে পরিবারের লোকজন গিয়ে তাকে শনাক্ত করেন।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
