ছবি: সংগৃহীত
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন জেলার মতো সিলেট বিভাগের মৌলভীবাজার ও হবিগঞ্জেও বন্যা পরিস্থিতি অব্যাহত রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্য অনুযায়ী, দুই জেলায় মোট ১৩ হাজার ৭৫২টি পরিবার এখনও পানিবন্দি রয়েছে।
রোববার (১২ জুলাই) প্রকাশিত মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মৌলভীবাজারে ৭ হাজার ৩০৮টি এবং হবিগঞ্জে ৬ হাজার ৪৪৪টি পরিবার বন্যার পানিতে আটকা পড়েছে।
দেশব্যাপী টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে সাত জেলার ৫৮টি উপজেলা, ৩৮৬টি ইউনিয়ন এবং ১১টি পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ১০ লাখ ২২ হাজার ৯৬৩ জন। এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫১ জন এবং আহত হয়েছেন আরও ৩৯ জন। বর্তমানে ১ হাজার ১৩১টি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন ৪৪ হাজার ৪৫৭ জন।
বন্যাদুর্গত মানুষের সহায়তায় ৭ থেকে ১২ জুলাই পর্যন্ত সরকার সাত জেলার জন্য ২ কোটি ৮৫ লাখ টাকা, ৩ হাজার ২৫০ মেট্রিক টন চালসহ নগদ অর্থ, শুকনা খাবার ও অন্যান্য ত্রাণসামগ্রী বরাদ্দ দিয়েছে। তবে দুর্যোগ ব্যবস্থাপনা-সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা বিবেচনায় বর্তমান বরাদ্দ পর্যাপ্ত নয়। তারা খাদ্য, বিশুদ্ধ পানি, আশ্রয় ও পুনর্বাসনে আরও সহায়তা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন অনুযায়ী আরও ত্রাণ বরাদ্দ দেওয়া হবে এবং বন্যাকবলিত এলাকায় সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
