ছবি: সংগৃহীত
২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিলেটের স্কলার্সহোম শিবগঞ্জ শাখায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ জুলাই) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কলার্সহোমের একাডেমিক কো-অর্ডিনেটর অধ্যাপক জয়নুল আবেদিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন স্কলার্সহোম টিলাগড় শাখার অধ্যক্ষ ও শিবগঞ্জ শাখার সাবেক অধ্যক্ষ মোহাম্মদ শামছ উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কলার্সহোম শিবগঞ্জ শাখার উপাধ্যক্ষ শানিজ ফাতেমা ইব্রাহিম। স্বাগত বক্তব্য দেন, বিদ্যালয়ের শিক্ষার্থী নাবিহা তাহসিন।
এছাড়া অভিভাবকদের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন মোছা. হেনা বেগম, বেলাল হোসেন ও কবির আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক জয়নুল আবেদিন চৌধুরী বলেন, শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং একজন সৎ, মানবিক, সৃজনশীল ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে ওঠাই প্রকৃত শিক্ষার উদ্দেশ্য। তিনি শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।
বিশেষ অতিথি মোহাম্মদ শামছ উদ্দিন বলেন, শিক্ষার্থীদের এই অর্জন বিদ্যালয়ের শিক্ষা-মান, শিক্ষকদের নিষ্ঠা এবং অভিভাবকদের আস্থার প্রতিফলন। তিনি শিক্ষার্থীদের জ্ঞানের প্রতি অনুরাগী হয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উপাধ্যক্ষ শানিজ ফাতেমা ইব্রাহিম বলেন, প্রকৃত শিক্ষা কেবল ফলাফলে নয়; জ্ঞান, নৈতিকতা, শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে ওঠার মধ্যেই এর সার্থকতা নিহিত। তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানের আকর্ষণীয় পর্বে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ৬ জন এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ১০ জনসহ মোট ১৬ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা সনদ তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক শারমিন সুলতানা।
বক্তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও স্কলার্সহোম শিবগঞ্জ শাখা শিক্ষার মানোন্নয়ন, মেধা বিকাশ এবং মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের অনুপ্রেরণামূলক আয়োজন অব্যাহত রাখবে।
