সিলেটে দিনভর তারেক রহমানকে ঘিরে এনসিপির কড়া সমালোচনা, ‘ সমালোচনা থেকে পিছপা হব না’
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬ ২২:৪১
ছবি: ইমজা নিউজ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা শুক্রবার (৩১ জুলাই) সিলেটে দিনব্যাপী কর্মসূচিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে একের পর এক কড়া মন্তব্য করেছেন। সকালে সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী তারেক রহমানকে ‘গ্যাংস্টার’ বলে কটাক্ষ করেন। আর সন্ধ্যায় গোয়াইনঘাটে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির সমাপনী সমাবেশে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, তারেক রহমানকে নিয়ে কথা বলতে বা গঠনমূলক সমালোচনা করতে তারা কখনোই পিছপা হবেন না।
শুক্রবার দুপুরে সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হবিগঞ্জে এনসিপি নেতাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিক্রিয়া জানাতে গিয়ে নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, তারেক রহমানের সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ড দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য লজ্জাজনক। তিনি অভিযোগ করেন, রাজনীতির পরিবর্তে ‘গ্যাংবাজির’ সংস্কৃতি প্রতিষ্ঠার চেষ্টা চলছে।
পাটোয়ারী বলেন, ‘তারেক রহমান যা করছেন, তা বাংলাদেশের রাজনীতির জন্য লজ্জার। যদি রাজনীতি না করে গ্যাংবাজি করতে চান, তাহলে সেটি প্রকাশ্যে ঘোষণা দেওয়া উচিত। রাজনীতির নামে গ্যাংবাজির কোনো প্রয়োজন নেই।’
তিনি আরও বলেন, দেশে এমন এক ধরনের সন্ত্রাসী রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে, যেখানে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের কর্মকাণ্ড ইতালির মাফিয়াদের সঙ্গেও তুলনা করা যায়। তার ভাষায়, ‘আমরা টেরর রাজ্যে আছি, আমরা ভয় পাচ্ছি।’
এরপর বিকেলে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি কোম্পানীগঞ্জ হয়ে গোয়াইনঘাটে পৌঁছায়। সেখানে অনুষ্ঠিত সমাপনী সমাবেশে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, বিএনপি কিংবা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে গঠনমূলক সমালোচনা করতে এনসিপি কখনোই পিছপা হবে না।
সারজিস আলম বলেন, ‘যদি তারেক রহমান আবারও ফ্যাসিবাদী বা স্বৈরাচারী রাজনীতির পথে এগিয়ে যান, তাহলে শুধু বিএনপিই নয়, ক্ষতিগ্রস্ত হবে পুরো বাংলাদেশ। তাই যে কোনো যৌক্তিক বিষয়ে আমরা তার গঠনমূলক সমালোচনা করব। এই সমালোচনা গ্রহণের মানসিকতা সবার থাকা উচিত। কারণ যুক্তিনির্ভর সমালোচনা ছাড়া কোনো দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না।’
সমাবেশে বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীও। তিনি বলেন, বিএনপি অতীতে জনগণের সঙ্গে প্রতারণা করেছে এবং এখনও বিভিন্নভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তবে প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়নের প্রশ্নে এনসিপি একচুলও সরে আসবে না।
তিনি বলেন, সংস্কার কোনো ব্যক্তি বা দলের জন্য নয়; এটি দেশের মানুষের অধিকার এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে অপরিহার্য। বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যেই এনসিপি কাজ করছে।
পাটোয়ারী আরও বলেন, দুর্নীতি, দখলদারিত্ব, অনিয়ম কিংবা জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের সমালোচনা করা কোনো গালাগালি নয়; বরং এটি গণতান্ত্রিক দায়িত্ব। ব্যক্তিগত অশালীন ভাষা ব্যবহার গালাগালি হতে পারে, কিন্তু জনগণের স্বার্থে জবাবদিহি দাবি করা এবং সত্য কথা বলা গণতান্ত্রিক অধিকারের অংশ।
সারাদিনের বক্তব্যে এনসিপি নেতারা একদিকে তারেক রহমানের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন, অন্যদিকে দাবি করেন; তাদের বক্তব্য ব্যক্তিগত আক্রমণ নয়, বরং রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ডের গঠনমূলক সমালোচনা।
