আমিনুল হককে ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি করার দাবিতে সমাবেশ
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬ ১৮:৪৫
ছবি: ইমজা নিউজ
ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি হিসেবে সাবেক জাতীয় ফুটবলার ও বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হককে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা। এ দাবিতে রাজধানীর গুলশানে মিছিল করেছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে গুলশান-১ থেকে মিছিলটি শুরু হয়ে গুলশান আজাদ মসজিদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলে ভাটারা থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী খান, ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাজাহান সরকার, গুলশান থানা বিএনপির সদস্য আব্দুল মুমিন সাদ্দাম, বনানী ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহেদ আলী, গুলশান থানা স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত সভাপতি নজরুল ইসলাম মনা, গুলশান থানা শ্রমিকদলের সভাপতি আরিফ হোসেন, ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহেল এবং গুলশান থানা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. শাহজাহান, জাতীয়তাবাদী ক্রীড়াদলের কেন্দ্রিয় কমিটির সদস্য ও দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক বজলুর রশীদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম শেখ।
মিছিল থেকে আমিনুল হককে ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি করার দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। নেতাকর্মীদের হাতে থাকা ব্যানারে আমিনুল হকের নেতৃত্ব, সাংগঠনিক ভূমিকা ও রাজপথের আন্দোলনে তাঁর সক্রিয়তার কথা তুলে ধরা হয়।
মিছিল শেষে গুলশান আজাদ মসজিদের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপিকে আরও শক্তিশালী ও গতিশীল করতে তৃণমূলের কাছে গ্রহণযোগ্য, রাজপথে পরীক্ষিত এবং সাংগঠনিকভাবে সক্রিয় নেতৃত্ব প্রয়োজন। তাদের দাবি, আমিনুল হক দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় থেকে নেতাকর্মীদের সঙ্গে কাজ করেছেন। ফলে মহানগর উত্তরের নেতৃত্বে তাঁকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, ‘আমিনুল হকের মধ্যেই আমরা আস্থা ও ভরসা খুঁজে পাই। দলের দুঃসময়ে তিনি নেতাকর্মীদের পাশে থেকেছেন, রাজপথে সক্রিয় ছিলেন এবং তৃণমূলের সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ রয়েছে। তাই ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতৃত্বে আমিনুল হককেই আমরা যোগ্য ও আস্থার প্রতীক হিসেবে দেখতে চাই।’
বক্তারা আরও বলেন, দলের দুঃসময়ে যারা নেতাকর্মীদের পাশে ছিলেন এবং আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন, নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে তাদের মূল্যায়ন করা প্রয়োজন। ঢাকা মহানগর উত্তর বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে আমিনুল হককে সভাপতি করার বিষয়টি বিবেচনার জন্য দলের নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানান তারা।
মিছিল ও সমাবেশে ভাটারা, গুলশান ও বনানী থানা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
