https://www.emjanews.com/

17681

entertainment

প্রকাশিত

০৯ আগস্ট ২০২৬ ২১:১০

বিনোদন

মুয়াজ্জিন থেকে খলনায়ক ডন

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬ ২১:১০

ছবি: সংগৃহীত

মুয়াজ্জিন থেকে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত খলনায়ক- আশরাফুল হক ডনের জীবনকাহিনি যেন কোনো সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। নব্বইয়ের দশকের পর্দা কাঁপানো এই অভিনেতা আবারও আলোচনায় এসেছেন আইনি জটিলতায়।

রবিবার (৯ আগস্ট) সকাল ৬টায় ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার প্রাক্কালে বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

ঢাকাই সিনেমার প্রয়াত বরপুত্র সালমান শাহ হত্যা মামলার আসামি হওয়ার কারণে দীর্ঘদিন ধরেই তার ওপর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ও ইমিগ্রেশন স্টপ লিস্টে নাম ছিল।

১৯৭১ সালে বগুড়ায় জন্ম নেওয়া আশরাফুল হক ডন দশ ভাই-বোনের মধ্যে সবার ছোট। জীবনের শুরুতে তিনি মসজিদে নিয়মিত আজান দিতেন, ছিলেন একজন মুয়াজ্জিন। নব্বইয়ের দশকে অভিনয়ের নেশায় বগুড়া থেকে ঢাকায় পাড়ি জমান। সেখানে পরিচালক সোহানুর রহমান সোহানের হাত ধরে চলচ্চিত্রে যাত্রা শুরু হয়।

সোহানের ‘লাভ’ সিনেমায় প্রথম ক্যামেরার সামনে দাঁড়ালেও মুক্তির দিক থেকে তার অভিষেক ঘটে কালজয়ী সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’-এর মাধ্যমে। আর এই সিনেমাই তাকে পরিচয় করিয়ে দেয় তৎকালীন হার্টথ্রব নায়ক সালমান শাহর সঙ্গে।

পর্দার চিরশত্রু হিসেবে পরিচিত হলেও বাস্তবে ডন ও সালমান শাহ ছিলেন অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। সালমান শাহর অভিনীত ২৭টি চলচ্চিত্রের মধ্যে ২৪টিতেই খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন ডন। প্রিয় বন্ধুর অকাল মৃত্যুতে বারবার আবেগপ্রবণ হয়ে পড়া ডন গণমাধ্যমে কান্নায় ভেঙে পড়ে স্মৃতিচারণও করেছেন। তবে বন্ধুত্বের এই গভীর সম্পর্কের আড়ালে সালমান শাহ হত্যা মামলায় অন্যতম আসামি হিসেবে নাম আসে তার।

দীর্ঘ আইনি প্রক্রিয়ার মধ্যেই আজ বিদেশে যাওয়ার পথে সিআইডি তাকে আটক করে আদালতে পাঠিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত করা হয়েছে।