সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৯ লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
শনিবার (২৯ আগস্ট ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের দায়িত্বাধীন তামাবিল, প্রতাপপুর, বাংলাবাজার, বিছনাকান্দি ও সংগ্রাম বিওপি এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ভারতীয় জিরা, কম্বল, ফল, প্রসাধনী সামগ্রী, গরু, পান মসলা, সুপারি এবং অবৈধ বালু-পাথর বহনকারী বাংলাদেশি ইঞ্জিনচালিত নৌকা আটক করা হয়।
আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ২৯ লক্ষ টাকা বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এসব অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, আটককৃত মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
