দীর্ঘ ২৫ বছর পর চূড়ান্ত পেশাগত পরীক্ষা (প্রফ) উত্তীর্ণ হয়ে চিকিৎসক হয়েছেন মুহাম্মদ হাবিবুল্লাহ। তিনি ঢাকা মেডিকেল কলেজ-এর কে-৫৩ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
জানা যায়, তিনি ১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ২০০২ সালে তার প্রফ পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে তা সম্ভব হয়নি। এরপর প্রায় দুই দশকের বেশি সময় তিনি পড়ালেখা থেকে দূরে ছিলেন।
দীর্ঘ ২১ বছর অনিয়মিত থাকার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর নিয়ম অনুযায়ী তার পরীক্ষার ফি প্রায় ২ লাখ টাকা নির্ধারণ করা হয়। তবে অদম্য মানসিকতা ও দৃঢ় সংকল্পে তিনি আবার পড়াশোনায় ফিরে আসেন। বিভিন্ন উৎস থেকে সহায়তা নিয়ে পরীক্ষার ফিও জোগাড় করেন।
তার সহপাঠীদের অনেকেই ইতোমধ্যে প্রতিষ্ঠিত চিকিৎসক, কেউ কেউ অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তারাও তাকে সহযোগিতা করেছেন।
সব বাধা অতিক্রম করে অবশেষে তিনি চূড়ান্ত প্রফ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চিকিৎসক হিসেবে নতুন যাত্রা শুরু করলেন। এই দীর্ঘ সংগ্রাম অনেকের কাছেই অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছে।
