সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে রেড অ্যালার্ট, ভারী বৃষ্টির আশঙ্কা
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ ২২:২৮
ছবি: সংগৃহীত
পবিত্র নগরী মক্কার পর সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা ‘রেড অ্যালার্ট’ জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। শুক্রবার (৪ সেপ্টেম্বর) পর্যন্ত মাঝারি থেকে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় এ সতর্কতা জারি করা হয়েছে।
এনসিএমের পূর্বাভাস অনুযায়ী, জাজান, আসির, আল বাহা ও মক্কার বিভিন্ন এলাকায় বজ্রসহ ভারী বৃষ্টিপাত ও শিলাবৃষ্টি অব্যাহত থাকতে পারে। এর মধ্যে জাজান ও আসিরের কিছু এলাকায় বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। এছাড়া নাজরান অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
জাজান অঞ্চলের আল রাইথ, হারুব, আল দায়ের, ফায়ফা, বায়শ, সাবিয়া, আবু আরিশ ও সামতাহসহ বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। একই সঙ্গে জাজান শহর ও ফারাসান দ্বীপপুঞ্জেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।
অন্যদিকে আসির অঞ্চলের আভা, খামিস মুশাইত, তানোমাহ, বারিক ও বলকারনসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতেও ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, প্রবল বৃষ্টিপাত ও বজ্রঝড়ের কারণে নিচু এলাকা, পাহাড়ের ঢাল এবং উপত্যকাগুলোতে দ্রুত পানি জমে আকস্মিক বন্যা (ফ্ল্যাশ ফ্লাড) দেখা দিতে পারে।
এ পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির সময় নদী, উপত্যকা ও জলাবদ্ধ এলাকাগুলো এড়িয়ে চলার পাশাপাশি নিরাপদ স্থানে অবস্থানের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
আবহাওয়ার সর্বশেষ সতর্কতা ও পূর্বাভাস জানতে এনসিএমের ‘আর্লি ওয়ার্নিং’ ওয়েবপেজ, ‘আনওয়া’ মোবাইল অ্যাপ এবং সংস্থাটির অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
