পাতায়ায় মার্কিন সেনাদের ‘অবকাশ’, যৌন ব্যবসা ঠেকাতে পুলিশের তৎপরতা
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৪৫
ছবি: সংগৃহীত
দুই শতাধিক দিন সমুদ্রে কাটানোর পর বিশ্রাম ও বিনোদনের জন্য থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন শহর পাতায়ায় আসছে মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’। রণতরীটির সঙ্গে প্রায় ৫ হাজার মার্কিন নাবিক ও মেরিন সেনা থাকবেন। তাঁদের আগমনকে কেন্দ্র করে সম্ভাব্য অনৈতিক কর্মকাণ্ড ও পতিতাবৃত্তি ঠেকাতে পাতায়ায় ব্যাপক অভিযান শুরু করেছে স্থানীয় পুলিশ। খবর দ্য ইনডিপেনডেন্টের।
আগামীকাল বুধবার (২ সেপ্টেম্বর) থাইল্যান্ডের চোনবুরি প্রদেশের লেম চাবাং বন্দরে ভিড়বে পারমাণবিক শক্তিচালিত রণতরীটি। এর সঙ্গে আরও দুটি সহায়ক নৌযানও থাকবে।
হাজার হাজার মার্কিন সেনার আগমনে স্থানীয় ব্যবসায়ীরা অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ার আশা করছেন। তবে একই সঙ্গে যৌন ব্যবসা, অপরাধ ও জনস্বাস্থ্যঝুঁকি বাড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এ কারণে পাতায়ার জনপ্রিয় সমুদ্রসৈকত ও নাইটলাইফ এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, গত সপ্তাহে পরিচালিত অভিযানে সন্দেহভাজন পতিতাবৃত্তির অভিযোগে ৪০ থেকে ৫০ জনকে আটক করা হয়েছে।
পাতায়া পুলিশের প্রধান আনেক স্রাথংইয়ু সোমবার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে। তবে প্রকাশ্যে অবৈধ যৌন ব্যবসার বিস্তার ঠেকানো অত্যন্ত কঠিন বলে মন্তব্য করেন তিনি।
থাইল্যান্ডে আইনগতভাবে পতিতাবৃত্তি নিষিদ্ধ। তবে দেশটির রাজধানী ব্যাংকক ও অন্যতম প্রধান পর্যটন নগরী পাতায়ায় দীর্ঘদিন ধরেই প্রকাশ্য ও অপ্রকাশ্যভাবে যৌন ব্যবসা চলে আসছে।
দীর্ঘদিন সমুদ্রে মার্কিন রণতরী
গত বছরের নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের সান দিয়াগো বন্দর ছেড়ে যায় ‘ইউএসএস আব্রাহাম লিংকন’। পরে এটিকে মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর সামরিক কার্যক্রমে অংশ নিতে পাঠানো হয়।
দীর্ঘ সময় সমুদ্রে অবস্থানের কারণে রণতরীটির নাবিকদের মানসিক স্বাস্থ্য নিয়েও উদ্বেগ তৈরি হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জাহাজে থাকা সদস্যদের মানসিক চাপ ও আত্মহত্যার চেষ্টার মতো ঘটনাও উঠে এসেছে।
ব্যবসায়ীদের চোখে অর্থনৈতিক সম্ভাবনা
মার্কিন সেনাদের আগমনকে স্থানীয় অর্থনীতির জন্য সম্ভাবনাময় হিসেবে দেখছেন পাতায়ার ব্যবসায়ীরা। শহরের মেয়র পোরামাসে এনগামপিচেস বলেন, উপকূলীয় এলাকায় অবস্থানকালে একজন মার্কিন সেনা প্রতিদিন গড়ে ১ হাজার থেকে ৩ হাজার থাই বাথ; বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৩ হাজার থেকে ৯ হাজার টাকা খরচ করতে পারেন।
তবে বিপুলসংখ্যক মার্কিন সেনা ও পর্যটকের আগমনে সম্ভাব্য যৌন নিপীড়ন এবং সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি নিয়েও সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। ব্যাংকক বিশ্ববিদ্যালয়ের হিউম্যানিটিজ অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট বিভাগের গবেষকেরা এ বিষয়ে উদ্বেগ জানিয়েছেন।
ফলে একদিকে মার্কিন সেনাদের আগমনকে ঘিরে পাতায়ায় ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতে বাড়তি আয়ের সম্ভাবনা তৈরি হয়েছে, অন্যদিকে আইনশৃঙ্খলা ও জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসনের ওপরও বাড়তি চাপ তৈরি হয়েছে।
