জায়েদুল মিয়া
হবিগঞ্জের বানিয়াচংয়ে পূর্ববিরোধের জের ধরে জায়েদুল মিয়া (২৬) নামের এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার মন্দরি গ্রামে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত জায়েদুল ওই গ্রামের লোকমান মিয়ার ছেলে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মন্দরি গ্রামের মজিদ খান ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ শামসু মিয়ার গোষ্ঠীর মধ্যে দীর্ঘ দিন ধরে আধিপত্য বিস্তার ও বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে জায়েদুল মিয়া হাওরে কৃষি কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। পথে মজিদ খানের বাড়ির কাছাকাছি পৌঁছালে প্রতিপক্ষের একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জায়েদুলকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় প্রভাব বিস্তার নিয়ে দুটি গোষ্ঠীর দীর্ঘদিনের শত্রুতার জেরে এই খুনের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
