ছবি: সংগৃহীত
সিলেটের বিয়ানীবাজারে আপন চাচার হাতে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রী (১১) ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ উঠেছে। লোমহর্ষক এই ঘটনার প্রায় এক মাস পর ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিয়ানীবাজার থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার পর থেকেই অভিযুক্ত চাচা আত্মগোপনে রয়েছেন।
অভিযুক্তের নাম হাছান আহমদ (৪০)। তিনি বিয়ানীবাজারের কুড়ারবাজার ইউনিয়নের খশির নয়াবাড়ি এলাকার মৃত আপ্তাব আলীর ছেলে এবং পেশায় একজন প্রাইভেট কার চালক।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৮ আগস্ট বিকেলে ভুক্তভোগী শিশুর মা যখন আসরের নামাজে ব্যস্ত ছিলেন, সেই সুযোগে হাছান তার ভাতিজিকে শয়নকক্ষে ডেকে নিয়ে যায়। সেখানে হাত ও মুখ চেপে ধরে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালানো হয়।
ঘটনার পর ভুক্তভোগীকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তার প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়।
এতদিন মামলা না করার কারণ হিসেবে ভুক্তভোগীর মা জানান, অভিযুক্ত ব্যক্তি পরিবারের আপন সদস্য হওয়ায় তারা দ্বিধা ও সামাজিক চাপে ছিলেন। পাশাপাশি শিশুটির দীর্ঘমেয়াদী চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় মামলা করতে কিছুটা বিলম্ব হয়েছে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো. মাহফুজুল করিম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, 'ভিকটিমের মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এবং আমরা মামলাটি নথিভুক্ত করেছি। একমাত্র আসামি বর্তমানে পলাতক। তাকে আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।'
