দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জুড়ীতে ছাত্রদলের সমাবেশ
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ ২২:৫৮
ছবি: ইমজা নিউজ
মৌলভীবাজারের জুড়ীতে ‘পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার’ প্রতিবাদে ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জুড়ী শিশু পার্কে উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সাংসদ নাসির উদ্দিন আহমেদ মিঠু।
এমপি নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ও রাজনৈতিক ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান গুরুত্বপূর্ণ। তাঁর আদর্শ ও জাতীয়তাবাদী চেতনার ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ছাত্রসমাজের সংগঠন ছাত্রদল গড়ে উঠেছে। দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় তরুণ প্রজন্মকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। এখন সরকারের প্রধান দায়িত্ব হলো জনগণের প্রত্যাশা পূরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নেওয়া। কোনো ধরনের সহিংসতা, নৈরাজ্য, গুজব বা পরিকল্পিত অপপ্রচার যেন দেশের শান্তিপূর্ণ পরিবেশকে ব্যাহত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
জুড়ী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়জুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব সোহেল আহমদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ও জায়ফরনগর ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজা, সিনিয়র সহ-সভাপতি ও গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, সাবেক আহ্বায়ক ডা. মোস্তাকিম হোসেন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক রুমেল উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী নিপার রেজা, যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ গফুর মারুফ ও ফয়ছল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সাইফুর রহমান, তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আমির হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ ছাড়াও সিলেট সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মুরসালিন আহমদ আসফিয়া, ছাত্রদল নেতা জাবেদ আহমদ, সাইফুর রহমান ও ইকবাল হোসেন সিপলুসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন।
সমাবেশে বক্তারা দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা, সহিংসতা ও নৈরাজ্য পরিহার এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান।