সিলেটসহ সারাদেশের আইনজীবীদের পেশাগত দক্ষতা ও নৈতিকতার মানোন্নয়নে বিভাগভিত্তিক উচ্চতর প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব বিভাগে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির প্রতিনিধিদলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে জানানো হয়, আইনজীবীদের নৈতিকতা ও পেশাগত মানোন্নয়নে এ প্রশিক্ষণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংশ্লিষ্ট বিভাগের অধীন জেলা বার ও চৌকি বারের আইনজীবীরা প্রতিনিধিত্বের ভিত্তিতে এতে অংশ নিতে পারবেন।
প্রাথমিকভাবে চলতি বছরের মধ্যেই চট্টগ্রাম ও খুলনা বিভাগে এ প্রশিক্ষণ আয়োজন করা হবে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে দেশের অন্যান্য বিভাগ, এর মধ্যে সিলেট বিভাগেও এ কর্মসূচি সম্প্রসারণ করা হবে।
প্রশিক্ষণের মাধ্যমে আইনজীবী ও আইন কর্মকর্তাদের পেশাগত সততা, স্বাধীনতা, মানবিক মর্যাদা, মানবাধিকার এবং আইনের শাসনের প্রতি অঙ্গীকার আরও সুদৃঢ় করার ওপর গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে বিচারব্যবস্থায় নৈতিকতার চর্চা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
এ ছাড়া বৈঠকে আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি, আইন মন্ত্রণালয় ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের যৌথ উদ্যোগে উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।
