ছবি: সংগৃহীত
ভারতের উত্তর প্রদেশে গত ৬০ ঘণ্টার টানা ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত ৫৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে এবং আহত হয়েছেন আরও ৪৬ জন।
রাজ্য সরকারের বরাতে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, বৃষ্টির তোড়ে প্রাণহানির পাশাপাশি ১০৭টি গবাদিপশু মারা গেছে এবং অন্তত ১ হাজার ২১টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সীতাপুর জেলা, যেখানে সর্বোচ্চ ৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া লখিমপুর খেরি, বাহরাইচ ও বালরামপুরে ৫ জন করে এবং অযোধ্যা ও গোরখপুরে ৪ জন করে মারা গেছেন। গবাদিপশু ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতির দিক থেকে হারদই জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ২৮টি পশুর মৃত্যু ও ২৭২টি ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
আবহাওয়া দপ্তরের তথ্যমতে, শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় বান্দায় ২২৭.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া ফতেহগড়, নানপাড়া, হারদই ও কান্নৌজে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। রাজধানী লখনউসহ বিভিন্ন জেলা বর্তমানে পানির নিচে, ফলে যান চলাচল ও স্বাভাবিক জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, মধ্যাঞ্চল ও তেরাই এলাকায় বিচ্ছিন্নভাবে অতিভারী বৃষ্টি এবং আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে।
এদিকে এই জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) গঙ্গা এক্সপ্রেসওয়ের জলাবদ্ধতার একটি ভিডিও শেয়ার করে তিনি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন।
অন্যদিকে, বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান ও সাবেক মুখ্যমন্ত্রী মায়াবতী দুর্গতদের পাশে দাঁড়াতে এবং সব ধরনের সহায়তা প্রদানে রাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
